
চলন্ত অবস্থায় মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনায় নিরাপত্তার স্বার্থে উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মেট্রোরেল চলন্ত অবস্থায় হঠাৎ পেছনের একটি দরজা খুলে যায়। বিষয়টি জানার পর যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল স্থগিত করা হয়।
মহসীন শেখ বলেন, সকাল ৭টা ৩৭ মিনিটে মেট্রোরেল চলাচল বন্ধ করা হয়। পরে সংশ্লিষ্ট কর্মীরা কাজ করে ট্রেনটির যান্ত্রিক ত্রুটি মেরামত করেন। সকাল ৮টা ৩ মিনিটে পুনরায় মেট্রোরেল সার্ভিস চালু করা হয়।
ফলে উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। বর্তমানে ওই রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান এমআরটি পুলিশের এই কর্মকর্তা।