
মধ্যপ্রাচ্যে টেকসই নিরাপত্তা এই অঞ্চলের বাইরের কোনো শক্তি চাপিয়ে দিতে পারে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার আয়োজনে অনুষ্ঠিত ‘গ্লোবাল টাউন হল ২০২৬’-এ ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হলে তা হতে হবে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সংলাপ, আস্থা, সহযোগিতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে।
আন্তর্জাতিক আইনের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন আরাগচি। তিনি বলেন, বড় শক্তিগুলোর স্বার্থ অনুযায়ী আন্তর্জাতিক আইন বেছে বেছে প্রয়োগ করা হলে আইনের শাসনের অর্থ থাকে না।
জাতিসংঘসহ বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো আগ্রাসন ঠেকাতে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারীদের জবাবদিহির আওতায় আনতে ব্যর্থ হলে এসব প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা ও বৈধতা ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি। এ কারণে বহুপক্ষীয় ব্যবস্থার প্রয়োজন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি বলে উল্লেখ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
যুদ্ধের মানবিক ও অর্থনৈতিক মূল্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আরাগচি। তার ভাষ্য, যুদ্ধের ক্ষয়ক্ষতি শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না; এর প্রভাব সাধারণ মানুষের জীবন, ঘরবাড়ি, ভবিষ্যৎ ও নিরাপত্তার ওপর পড়ে। একই সঙ্গে যুদ্ধের অর্থনৈতিক ব্যয়ও শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপর পড়ে বলে উল্লেখ করেন তিনি।
বক্তব্যের শেষ দিকে আরাগচি বলেন, বিদেশি শক্তির সামরিক উপস্থিতি বা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পরিবর্তে আঞ্চলিক দেশগুলোর নিজেদের মধ্যে সংলাপ, আস্থা, সহযোগিতা ও পারস্পরিক সম্মানের মাধ্যমেই মধ্যপ্রাচ্যে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব।
‘গ্লোবাল টাউন হল ২০২৬’ ছিল Foreign Policy Community of Indonesia (FPCI) আয়োজিত একটি ভার্চুয়াল বৈশ্বিক সংলাপ। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল উন্নয়ন, মানবতা ও ন্যায়বিচারকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে ফিরিয়ে আনা।