দেশের পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধ বা অবসায়নের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী জুলাই থেকে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম গুটিয়ে নেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা গেছে।
মঙ্গলবার (১২ মে) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর মোস্তাকুর রহমান।
সভায় ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে থাকা কয়েকটি প্রতিষ্ঠানের অবস্থা বিবেচনায় নিয়ে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বন্ধ বা অবসায়নের তালিকায় রয়েছে এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ৯৩ শতাংশ থেকে প্রায় শতভাগে পৌঁছে গেছে। দীর্ঘদিন ধরে এ পরিস্থিতি দেশের আর্থিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি হিসেবে বিবেচিত হচ্ছিল।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সিদ্ধান্ত কার্যকর হলে ধাপে ধাপে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ করা হবে। এ লক্ষ্যে আগামী জুলাই থেকে আনুষ্ঠানিক অবসায়ন প্রক্রিয়া শুরু হতে পারে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়