
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলা এখনও জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত নয়। তবে দেশটির পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
ট্রাম্প বলেন, “ভেনেজুয়েলা এখনও নির্বাচন করার জন্য প্রস্তুত নয়। সত্যিকার অর্থে তারা এখনও এর জন্য প্রস্তুত নয়। তবে অনেক অগ্রগতি হয়েছে।”
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সাত মাসেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হন। এরপর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।
প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটনের সমর্থনে অন্তর্বর্তী প্রশাসন পরিচালনা করছেন রদ্রিগেজ। তাকে প্রশংসা করে ট্রাম্প বলেন, তিনি “অসাধারণভাবে কাজ করছেন।”
নির্বাচন প্রসঙ্গে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলায় নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তার আগে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা জরুরি।
তিনি বলেন, “আমাদের সঠিকভাবে সবকিছু করতে হবে।”
ট্রাম্প আরও দাবি করেন, ভেনেজুয়েলায় তিনি ব্যাপক জনপ্রিয়। তার ভাষায়, যুক্তরাষ্ট্র দেশটিতে অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করতে ভূমিকা রাখছে।
তিনি বলেন, “আমি ভেনেজুয়েলায় খুব জনপ্রিয়। কারণ, আমরা দেশটিতে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড ফিরিয়ে আনছি। তারা সম্পূর্ণভাবে দুরবস্থার মধ্যে ছিল।”
এদিকে সম্প্রতি ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। ওই সময় ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেয় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বর্তমানে ভেনেজুয়েলা থেকে উল্লেখযোগ্য পরিমাণ তেল আমদানি করছে যুক্তরাষ্ট্র।