
ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ আগুনে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহত সবাই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে ভারতের ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।
বুধবার (১৯ আগস্ট) ভোররাত ২টার দিকে নিউমার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে আগুনের সূত্রপাত হয়। এ সময় হোটেলের ভেতরে বেশ কয়েকজন অতিথি আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নিহত ৯ বাংলাদেশি চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের একটি এয়ার কন্ডিশনার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে চারটি দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। উদ্ধারকারীরা হোটেলের ভেতরে আটকে পড়াদের বের করে আনতে অভিযান চালান। ঘন ধোঁয়ার কারণে ওপরের তলায় পৌঁছাতে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হয়।
এক পুলিশ কর্মকর্তা জানান, আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তিনি বলেন, আটকে পড়া অতিথিদের উদ্ধার এবং আগুন লাগার কারণ অনুসন্ধানই এখন প্রধান অগ্রাধিকার। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং হোটেলের ভেতরে ঠান্ডা করার কাজ চলছে।