
কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তির হার বাড়াতে দেশব্যাপী ব্যাপক প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং কারিগরি শিক্ষার সুযোগ-সুবিধা তুলে ধরতে লিফলেট বিতরণ, ব্যানার-পোস্টার স্থাপন, মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তরের শাখা-২ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। এতে অধিদপ্তরের আওতাধীন সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ও কার্যকর প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, দুই বছর মেয়াদি এইচএসসি (ভোকেশনাল) এবং এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) শিক্ষাক্রমে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
এ ছাড়া বিভিন্ন সময়ে এসএসসি (ভোকেশনাল), প্রি-ভোকেশনাল (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) এবং বিভিন্ন স্বল্পমেয়াদি কোর্সেও শিক্ষার্থী ভর্তি করা হয়।
কারিগরি শিক্ষা অধিদপ্তর বলছে, কারিগরি শিক্ষার প্রসার এবং এর সুযোগ-সুবিধা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এসব ভর্তি কার্যক্রমের ব্যাপক প্রচার প্রয়োজন। একই সঙ্গে শিক্ষার্থী ভর্তির হার বাড়াতেও প্রচারণা জোরদার করা জরুরি।
এ লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ের জনবহুল স্থান, হাট-বাজার এবং পার্শ্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ, ব্যানার-পোস্টার স্থাপন ও মাইকিং করার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে টিভিসি ও ভিডিওচিত্র প্রচারসহ অন্যান্য কার্যকর প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, প্রচারণার ব্যয় রাজস্ব বাজেটের সংশ্লিষ্ট অর্থনৈতিক কোডে বরাদ্দ থাকা অর্থ অথবা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে মেটানো যাবে। তবে এ ক্ষেত্রে প্রচলিত আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।