1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষঃ

আট দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চ শুরু ১১ দলীয় ঐক্যের

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

গণভোটের গণরায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এর আগে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকেরা সমাবেশস্থলে জড়ো হন। সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের পাশাপাশি বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বক্তব্য দেন।

সমাবেশ শেষে সকাল ৮টার পর রংপুরের উদ্দেশে লংমার্চের গাড়িবহর যাত্রা শুরু করে। পথে গাজীপুরের ভোগরা, টাঙ্গাইলের নগর জালফৈ, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা হওয়ার কথা রয়েছে। পরে রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

আয়োজকদের ঘোষিত আট দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি-দখলদারি ও চাঁদাবাজি বন্ধ, প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং উত্তরাঞ্চলের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।

লংমার্চ ঘিরে ঢাকা থেকে রংপুর রুটের বিভিন্ন জেলা ও মহানগরে প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন আয়োজকেরা।

এর আগে গত ৫ সেপ্টেম্বর ছয় দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি পালন করেছিল ১১ দলীয় ঐক্য। এবার রংপুর অভিমুখী কর্মসূচিতে দাবির সংখ্যা আটটিতে দাঁড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page