
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট প্রাসাদ ও জোকালো পাবলিক স্কয়ারের কাছে বন্দুক হামলায় একজন নিহত এবং দুজন আহত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) শহরের সান্তো ডোমিঙ্গো চত্বরে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, জাল নথিপত্র তৈরি ও বিক্রির জন্য পরিচিত এ এলাকাতেই হামলাটি সংঘটিত হয়েছে।
মেক্সিকো সিটির নিরাপত্তাবিষয়ক সচিবালয় ঘটনাটিকে একটি ‘সরাসরি হামলা’ হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, গুলিতে ৪২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত দুজনের বয়স ৩৯ বছর এবং তারা বর্তমানে চিকিৎসাধীন।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর সন্দেহভাজন বন্দুকধারী মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার কারণ ও হামলাকারীর পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
মেক্সিকোয় মাদক পাচারকারী চক্রের প্রভাবাধীন এলাকাগুলোতে বন্দুক হামলা ও সহিংসতার ঘটনা প্রায়ই ঘটে। তবে রাজধানী মেক্সিকো সিটিতে, বিশেষ করে প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি এলাকায় এ ধরনের ঘটনা তুলনামূলকভাবে বিরল।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, রাজধানীতে ইউনিয়ন তেপিতো ও ফুয়ের্সা অ্যান্টি ইউনিয়নসহ কয়েকটি সড়কভিত্তিক অপরাধী চক্র সক্রিয় থাকলেও প্রেসিডেন্ট প্রাসাদের সংলগ্ন এলাকায় এ ধরনের হামলা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।