
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে রোববার (৮ নভেম্বর) সন্ধ্যার পর আট থেকে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছেন শিক্ষার্থী ও স্থানীয় লোকজন। পরে তাঁদের শাহবাগ থানায় নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনেও একটি ককটেল বিস্ফোরিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন গণমাধ্যমকে জানান, সংঘবদ্ধভাবে আট থেকে নয়টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের টিএসসি, নীলক্ষেত, সিনেট ভবনের ফটক এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের মাঝের সড়কে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা সোয়া ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে ককটেলগুলো বিস্ফোরিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় টিএসসি এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন দুই ব্যক্তি। মেট্রোরেল-সংলগ্ন এলাকা দিয়ে পালানোর সময় তাঁদের আটক করেন উপস্থিত লোকজন। এ সময় তাঁদের মারধরও করা হয়। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। তাঁদের মধ্যে রেজাউলের বাড়ি নাটোর, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮-৯টি ককটেল বিস্ফোরণ, আটক ৩
সোহেলের বাড়ি রাজশাহী এবং নাজমুস সাদের বাড়ি গোপালগঞ্জ জেলায়।
আটক তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।