
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিল করবে বিএনপি।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে বিএনপির দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকায় সকাল ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
খালেদা জিয়ার জন্ম অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে ১৯৪৬ সালের ১৫ আগস্ট। তাঁর পারিবারিক নাম খালেদা খানম এবং ডাকনাম পুতুল। তাঁর বাবা ইস্কান্দার মজুমদারের বাড়ি ফেনীতে হলেও তিনি জলপাইগুড়িতে বোনের বাসায় থেকে পড়াশোনা করেন। পরে সেখানে চা ব্যবসার সঙ্গে যুক্ত হন ইস্কান্দার মজুমদার এবং তিস্তা পাড়ের শহরটিতেই বিয়ে করেন।
১৯৪৭ সালে ভারত ভাগের পর খালেদা জিয়ার পরিবার দিনাজপুর শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করে। সেখানে মিশনারি স্কুলে প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন।
১৯৬০ সালে পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে খালেদা জিয়ার বিয়ে হয়। পরে স্বামীর কর্মস্থল পশ্চিম পাকিস্তানে চলে যান তিনি।
স্বাধীনতার পর ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপির নেতৃত্বে আসেন খালেদা জিয়া। সে সময় তিনি মূলত গৃহবধূ হিসেবেই পরিচিত ছিলেন।
১৯৮৩ সালে তাঁর নেতৃত্বে বিএনপি সাতদলীয় জোট গঠন করে এরশাদবিরোধী আন্দোলন শুরু করে। ওই আন্দোলনে এরশাদ সরকারের সঙ্গে আপস না করার কারণে দলীয় নেতাকর্মীদের কাছে তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পান।
নানা শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়া মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্বে ছিলেন এবং তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
বর্তমানে বিএনপির নেতৃত্বে রয়েছেন তাঁর জ্যেষ্ঠ ছেলে তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি সরকারপ্রধানের দায়িত্ব পালন করছেন।