
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ জানুয়ারি। এ ধাপের নির্বাচনী তফসিল আগামী ১০ ডিসেম্বর ঘোষণা করা হতে পারে।
ইসি সূত্র জানায়, প্রথম ধাপে প্রাথমিকভাবে প্রায় ৮০০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা থাকলেও সময় বেশি পাওয়ায় এ সংখ্যা বাড়িয়ে এক হাজারের বেশি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রথম ধাপে দেশের বিভিন্ন জেলার সদর ও নিকটবর্তী উপজেলাগুলোর নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদগুলোকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। যেসব জেলায় সদর উপজেলা নেই, সেসব জেলার নিকটবর্তী উপজেলাগুলোর ইউনিয়ন পরিষদেও নির্বাচন আয়োজন করা হতে পারে।
প্রথম ধাপের তফসিল ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ঢাকা মেইলকে বলেন, ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী ভোটগ্রহণের ৪০ থেকে ৪২ দিন আগে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।
ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, সব জেলাতেই একসঙ্গে নির্বাচন কার্যক্রম শুরু করার আশা করছে কমিশন। এ ক্ষেত্রে সদর উপজেলাগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি যেসব ইউনিয়ন পরিষদে নির্বাচনের মেয়াদ পেরিয়ে গেছে বা দীর্ঘদিন ধরে নির্বাচন বকেয়া রয়েছে, সেগুলোও অগ্রাধিকার পাবে। তিনি জানান, জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন। সাধারণত ভোটগ্রহণের ছয় সপ্তাহ আগে তফসিল ঘোষণা করা হয়।
ইসি সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরের আগে ২৮৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২১-২২ অর্থবছরে ৩ হাজার ৯৮১টি, ২০২২-২৩ অর্থবছরে ১১০টি এবং ২০২৩-২৪ অর্থবছরে ৯২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়। মামলা ও সীমানা জটিলতাসহ বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে ১০৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
দেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৮০টি। এর মধ্যে চলতি বছরেই ৩ হাজার ৯৮১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপযোগী হবে। বাকিগুলো ২০২৭ ও ২০২৮ সালের দিকে নির্বাচন উপযোগী হবে বলে জানা গেছে।
এদিকে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য ৪৬ হাজার ৩৯৭টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে স্থায়ী ভোটকেন্দ্র ৪৫ হাজার ৯৭২টি এবং অস্থায়ী ৪২৫টি। এসব কেন্দ্রে স্থায়ী ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ২ হাজার ১৫৯টি এবং অস্থায়ী ভোটকক্ষ ১৩ হাজার ৫৮০টি। সব মিলিয়ে ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৭৩৯টি।
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা আগামী ২৫ নভেম্বর প্রকাশ করবে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর বা তার বেশি হবে, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন।
সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনে দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।