
মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ছে মালয়ালম সিনেমা ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’। নিভিন পাওলি ও মামিথা বাইজু অভিনীত রোমান্টিক কমেডি সিনেমাটি কেরালার বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। মুক্তির চতুর্থ সপ্তাহেও ছবিটির ব্যবসায়িক সাফল্য অব্যাহত রয়েছে।
বক্স অফিসের হিসাব অনুযায়ী, মুক্তির ২৩তম দিনে কেরালায় সিনেমাটি আনুমানিক ৩ কোটি ৮০ লাখ রুপি আয় করেছে। ফলে ২৩ দিনে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৩৪ কোটি ২৫ লাখ রুপি।
এর আগে তৃতীয় সপ্তাহ শেষে সিনেমাটির আয় ছিল প্রায় ১২৮ কোটি ১০ লাখ রুপি। ২২তম দিনে ২ কোটি ৩৫ লাখ রুপি আয় করার পর ২৩তম দিনে আরও ৩ কোটি ৮০ লাখ রুপি যোগ হয়। এতে ছবিটি ১৩৪ কোটি রুপির মাইলফলক অতিক্রম করে।
মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটির আয় ছিল উল্লেখযোগ্য। প্রথম দিনে ৪ কোটি ৫০ লাখ রুপি আয় দিয়ে যাত্রা শুরু করা ছবিটি দ্বিতীয় দিনে ৬ কোটি ২৫ লাখ এবং তৃতীয় দিনে ৭ কোটি ৫০ লাখ রুপি আয় করে।
প্রথম সপ্তাহের কয়েকটি দিনেও সিনেমাটির আয় ৭ থেকে ৯ কোটি রুপির মধ্যে ছিল। দ্বিতীয় সপ্তাহেও দর্শকের আগ্রহ ধরে রাখে ছবিটি। অষ্টম, নবম ও দশম দিনে এর আয় ছিল যথাক্রমে ৯ কোটি ৫০ লাখ, ৯ কোটি ৬০ লাখ ও ৯ কোটি ৬০ লাখ রুপি।
তৃতীয় সপ্তাহে আয় কিছুটা কমলেও চতুর্থ সপ্তাহের শনিবারে আবারও বড় অঙ্কের আয় করেছে সিনেমাটি।
ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’ কেরালার বক্স অফিসে অন্যতম সফল মালয়ালম সিনেমা হিসেবেও আলোচনায় এসেছে। সাম্প্রতিক সময়ে ‘থুদারুম’, ‘লোকাহ চ্যাপ্টার ওয়ান: চন্দ্রা’ ও ‘ভাজা টু’-এর পর সিনেমাটিকে ‘ইন্ডাস্ট্রি হিট’ হিসেবে উল্লেখ করা হচ্ছে।
মুক্তির ২৩ দিন পরও সিনেমাটির বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রাখা প্রমাণ করছে, দর্শকের আগ্রহ এখনো কমেনি।