
চার দিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং বিভিন্ন খাতে বিনিয়োগ বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাপান সফরে বাংলাদেশের প্রধান লক্ষ্য থাকবে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা, অর্থনৈতিক অংশীদারত্ব সুদৃঢ় করা এবং বিনিয়োগ বাড়ানো। অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় জাপানের সঙ্গেও বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে।
তিনি বলেন, বাংলাদেশ এখন বিভিন্ন দেশের সঙ্গে সুনির্দিষ্ট খাতে পারস্পরিক বিনিয়োগ ও সহযোগিতার অংশীদারত্ব গড়ে তুলতে চায়। আসন্ন সফরে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
জাপানকে বাংলাদেশের অন্যতম বৃহৎ ও দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশের কয়েকটি মেগা প্রকল্পে জাপানের বিনিয়োগ দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক ও বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, গত এপ্রিলে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্বালানি সংকট এবং জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা নিয়ে জাপানের উদ্যোগে আয়োজিত একটি অনলাইন সম্মেলনে অংশ নেন। সেখানে তিনি আঞ্চলিক দেশগুলোর মধ্যে সমন্বয় ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
হুমায়ুন কবিরের মতে, ওই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ জাপান সরকারের সঙ্গে যোগাযোগ ও পারস্পরিক আস্থা বৃদ্ধিতে সহায়ক হয়েছে।
তিনি আরও বলেন, আসন্ন সফরে বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং পারস্পরিক বিনিয়োগের নতুন সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সৌদি আরব সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবের যুবরাজ তাঁকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। সুবিধাজনক সময়ে শিগগিরই তিনি সৌদি আরব সফর করবেন বলে জানান হুমায়ুন কবির।
‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) ড. মু. নজরুল ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ। এ ছাড়া বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং এনএসইউর উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী বক্তব্য দেন।