
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে আগামী ২০ থেকে ২২ অক্টোবর তিন দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে।
তবে দুর্গাপূজার ছুটির আগে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করে ওই দিন ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) রাতে দুর্গাপূজা উপলক্ষে তফসিলি ব্যাংকগুলোর ছুটি সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (এসডিএডি) মো. আব্দুল মান্নানের সই করা সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
একই সঙ্গে ১৭ অক্টোবর (শনিবার) সব তফসিলি ব্যাংক স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। ফলে পূজার ছুটির আগে ওই দিন ব্যাংকের কার্যক্রম চালু থাকবে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে আরও বলা হয়েছে, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার পোর্ট ও কাস্টমস এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলো সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে ২০১৯ সালের ৫ আগস্ট জারি করা নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
সে অনুযায়ী ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটির দিন এবং ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটির দিন হলেও এসব এলাকায় আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে হবে।
তবে এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যাংকগুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ফলে সাধারণ ব্যাংকিং কার্যক্রম ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকলেও বন্দর ও কাস্টমস এলাকায় আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট ব্যাংকিং কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।