1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সর্বশেষঃ
জাপান সফরে বাংলাদেশের সঙ্গে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রত্যাশা সেনবাগে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, বসতঘরসহ ৪ লাখ টাকার ক্ষতি পশ্চিম তীরে সর্বাত্মক অবরোধের ঘোষণা ইসরায়েলের, বাড়ছে বাস্তুচ্যুতির শঙ্কা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, নিহত ৩, আহত ১৬ মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজারের বেশি যাত্রী ফ্রান্সে সহিংসতার আশঙ্কা, ৭০ হাজার পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত ভারতের স্টেট ব্যাংকের গ্রাহকদের তথ্য ফাঁসের দাবি, উদ্বেগে কোটি গ্রাহক চীনে এআই দিয়ে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা, বক্স অফিস নিয়ে অনিশ্চয়তা পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে উদ্বেগ, বন্ধ বহু ওয়েবসাইট

চীনে এআই দিয়ে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা, বক্স অফিস নিয়ে অনিশ্চয়তা

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সানশিংদুই: ফিউচার পাস্ট’ মুক্তি পেয়েছে চীনের প্রেক্ষাগৃহে। শুক্রবার (২৩ অক্টোবর) ১০ হাজারের বেশি প্রদর্শনী নিয়ে মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন থ্রিলারটি প্রযুক্তি দুনিয়ায় আগ্রহ তৈরি করেছে। তবে অগ্রিম টিকিট বিক্রির ধীরগতিতে ছবিটির বাণিজ্যিক সাফল্য নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, প্রযোজনা সংস্থা বোনা ফিল্ম গ্রুপের প্রধান নির্বাহী জিয়াং দেফু স্বীকার করেছেন, ছবিটি নিয়ে দর্শকদের সাড়া এখনো প্রত্যাশা অনুযায়ী নয়। তবে তাঁর মতে, চলচ্চিত্রটি প্রচলিত নির্মাণধারার বাইরে গিয়ে নতুন কিছু করার চেষ্টা করেছে।

টিকিট বিক্রির প্ল্যাটফর্ম মাওইয়ানের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত ছবিটির অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় হয়েছে মাত্র ৮০ হাজার ইউয়ান, যা প্রায় ১১ হাজার ৯৮০ মার্কিন ডলারের সমান। ছবিটির মোট বক্স অফিস আয় দেড় লাখ ইউয়ানের নিচে থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সিনেমাটির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২০ থেকে ৯০ ইউয়ানের মধ্যে।

প্রযোজনা সংস্থার তথ্য অনুযায়ী, চলচ্চিত্রটি নির্মাণে দুই বছরের বেশি সময় ধরে প্রায় ১০০ জন কাজ করেছেন। এর নির্মাণ ব্যয় এক কোটি ইউয়ানের বেশি, যা প্রায় ১৫ লাখ মার্কিন ডলারের সমান। ছবিটির চরিত্র, কণ্ঠস্বর ও পটভূমি তৈরিতে এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর গল্পে এআইনির্ভর ভবিষ্যতে মানবতার সম্ভাব্য অবস্থার চিত্র তুলে ধরা হয়েছে।

চীনে এআই দিয়ে তৈরি ভিডিওর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম ডুইয়িনে গত সেপ্টেম্বরে এআই-নির্মিত স্বল্পদৈর্ঘ্য নাটকগুলো ২০০ বিলিয়নের বেশি বার দেখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে অনলাইনে এআই কনটেন্টের জনপ্রিয়তা প্রেক্ষাগৃহেও দর্শক টানতে পারবে কি না, ‘সানশিংদুই: ফিউচার পাস্ট’-এর বক্স অফিস ফলাফল সেই প্রশ্ন সামনে এনেছে।

স্বাধীন এআই চলচ্চিত্র নির্মাতা ঝাং জুন এএফপিকে বলেন, শুধু এআই দিয়ে তৈরি হয়েছে বলেই দর্শকেরা সিনেমার টিকিট কিনবেন—এমনটা ধরে নেওয়ার কারণ নেই। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোর এক ব্যবহারকারীর মন্তব্যেও একই প্রশ্ন উঠে এসেছে। বিনা মূল্যে অনলাইনে এ ধরনের চলচ্চিত্র দেখার সুযোগ থাকলে দর্শকের আগ্রহ বাড়তে পারে, তবে এর জন্য অর্থ ব্যয়ে তাঁরা কতটা আগ্রহী হবেন, তা অনিশ্চিত।

এদিকে হলিউডেও চলচ্চিত্র নির্মাণে এআইয়ের ব্যবহার নিয়ে আলোচনা বাড়ছে। প্রযুক্তিটির বিস্তারে চলচ্চিত্রকর্মীদের কর্মসংস্থান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এরই মধ্যে এআই দিয়ে নির্মিত সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘গডস ডোন্ট গিভ গিফটস’ আগামী ৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার কথা রয়েছে। পাশাপাশি ভার্চুয়াল অভিনেত্রী টিলি নরউডের ‘মিসঅ্যালাইনড’ নামের একটি আসন্ন চলচ্চিত্রে অভিনয়ের খবরও চলচ্চিত্রশিল্পে এআইয়ের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে বিতর্ক বাড়িয়েছে।

সূত্র: ফ্রান্স ২৪

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page