1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষঃ
জাপানে ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী, ভ্যাকসিন কারখানা নিয়ে আলোচনা সরকারি দপ্তরে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ ডিসির শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট জ্বালানি নিরাপত্তায় জাইকার কাছে বাজেট সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যে নিন্দা-উদ্বেগ, বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি ইনানীতে ছয় কোটি টাকার চারতলা রিসোর্ট গুঁড়িয়ে দিল কর্তৃপক্ষ জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকের নতুন এমডি হচ্ছেন তিনজন পাঠ্যবই নিয়ে সমালোচনার মধ্যে এনসিটিবির ৯ কর্মকর্তা বদলি শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ, গেজেট শিগগির

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যে নিন্দা-উদ্বেগ, বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সরকারের অনুমতি পেলে পুলিশ ‘ক্রসফায়ার’ করতে পিছপা হবে না—পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের এমন মন্তব্যের নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংস্থা। তাঁর বক্তব্য প্রত্যাহার, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করার দাবি উঠেছে। কোনো কোনো সংস্থা তাঁকে দায়িত্ব থেকে অপসারণেরও আহ্বান জানিয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) পুরান ঢাকায় ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি বলেন, আইন ও সংবিধান অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করবে। প্রয়োজন হলে এবং সরকার অনুমতি দিলে ‘ক্রসফায়ার’ করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

আইজিপির এ বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে। সমালোচকদের বক্তব্য, সরকারের অনুমতি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দিতে পারে না। অপরাধ দমনে আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপরও তাঁরা গুরুত্ব দিয়েছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক গণসংযোগ কর্মসূচিতে আইজিপির বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, এ ধরনের মন্তব্য অতীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে ওঠা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগের স্মৃতি ফিরিয়ে আনে।

হাসনাত আব্দুল্লাহর দাবি, এ ধরনের বক্তব্য পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে এবং অতীতের বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পুনর্বাসনের প্রশ্ন সামনে আনে।

আইজিপির বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এক বিবৃতিতে বলেন, সরকারের অনুমোদন থাকলেও কোনো নাগরিককে বিচারবহির্ভূতভাবে হত্যার বৈধতা তৈরি হয় না।

তাঁরা বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার সংবিধান, আইন ও মানবাধিকারের সীমার মধ্যে থাকতে হবে। একই সঙ্গে আইজিপির বক্তব্যের বিষয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন তাঁরা।

পৃথক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান আইজিপির বক্তব্যকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন। তিনি বলেন, এ ধরনের মন্তব্য অতীতের বিতর্কিত পুলিশি কর্মকাণ্ডের স্মৃতি মনে করিয়ে দেয়। তবে আইজিপি হালকা মেজাজে মন্তব্যটি করে থাকতে পারেন বলে তাঁরা বিশ্বাস করতে চান বলেও বিবৃতিতে উল্লেখ করেন। একই সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তির কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয় বলে মত দেন তিনি।

আইজিপির বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, এ ধরনের মন্তব্য অপরাধ দমনে বিচারবহির্ভূত হত্যাকে গ্রহণযোগ্য পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠার ঝুঁকি তৈরি করে। এর মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও ব্যর্থতা আড়াল করার বার্তাও যেতে পারে বলে মনে করে সংস্থাটি।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, পুলিশের দায়িত্ব পেশাদার তদন্ত, অপরাধী শনাক্ত করা এবং প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা। এর বিকল্প হিসেবে ‘ক্রসফায়ার’কে সামনে আনা প্রাতিষ্ঠানিক দুর্বলতার সমাধান হতে পারে না।

তিনি আরও বলেন, আইজিপি একদিকে আইন ও সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনের কথা বলেছেন, অন্যদিকে সরকারের অনুমতি পেলে ‘ক্রসফায়ার’ করার কথা বলেছেন। এ দুই অবস্থানের মধ্যে সাংঘর্ষিকতা রয়েছে। কোনো সরকারের অনুমতি বিচারবহির্ভূত হত্যাকে বৈধ করতে পারে না।

টিআইবি সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে সুরক্ষিত আইনের আশ্রয়লাভ, জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকারের প্রসঙ্গ তুলে ধরে বলেছে, নির্বাহী সিদ্ধান্তের মাধ্যমে এসব অধিকার বাতিল করা যায় না। অভিযোগ যত গুরুতরই হোক, যথাযথ বিচারপ্রক্রিয়া পাশ কাটিয়ে কাউকে হত্যার এখতিয়ার পুলিশের নেই।

সংস্থাটির মতে, পুলিশপ্রধানের এমন বক্তব্য মাঠপর্যায়ে বেআইনি বলপ্রয়োগের ক্ষেত্রে ভুল বার্তা দিতে পারে। তাই বক্তব্য প্রত্যাহার, প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং তাঁর প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে টিআইবি। জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁকে দায়িত্ব থেকে অপসারণেরও আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সাংবাদিকদের বিরুদ্ধে অর্থ না পেয়ে পুলিশের সমালোচনা করার অভিযোগ আইজিপি করেছেন—এমন বক্তব্যের প্রসঙ্গেও প্রতিক্রিয়া জানিয়েছে টিআইবি। সংস্থাটি বলেছে, কোনো সাংবাদিকের বিরুদ্ধে অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। ঢালাও অভিযোগ মুক্ত গণমাধ্যমের নজরদারি ও জবাবদিহিমূলক ভূমিকা প্রশ্নবিদ্ধ করতে পারে এবং স্বাধীন সাংবাদিকতাকে নিরুৎসাহিত করার ঝুঁকি তৈরি করে।

আইজিপির বক্তব্যে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংস্থাটি সরকারের কাছে বক্তব্যটির বিষয়ে স্পষ্ট ও দ্ব্যর্থহীন ব্যাখ্যা দাবি করেছে। তাদের প্রশ্ন, সরকার কি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে অনুমোদনযোগ্য মনে করে, নাকি এটি আইজিপির ব্যক্তিগত বক্তব্য—তা অবিলম্বে পরিষ্কার করা প্রয়োজন।

পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনবহির্ভূত হত্যাকাণ্ড থেকে বিরত রাখা এবং এ বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার ব্যাপারে সরকারের সুস্পষ্ট অঙ্গীকার চেয়েছে এইচআরএসএস।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ‘ক্রসফায়ার’, গুম ও গুপ্তহত্যার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশ-বিদেশে সমালোচনার মুখে পড়েছিল। ওই সময়ে র‍্যাবের কয়েকজন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞাও আরোপ করে।

এদিকে বিএনপির সর্বশেষ নির্বাচনী ইশতেহারে ‘ক্রসফায়ার’কে বিচারবহির্ভূত নির্মম হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলোর বিচার করার অঙ্গীকার করা হয়েছিল। এমন প্রেক্ষাপটে বর্তমান আইজিপির মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্থার দাবি, আইনশৃঙ্খলা রক্ষার নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কোনো সুযোগ রাখা যাবে না। আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করা এবং আইন ও মানবাধিকারের শাসন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page