
পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার। একই সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের সড়ক ছেড়ে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (১ নভেম্বর) রাজধানীর মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার মধ্যে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
শ্রমমন্ত্রী বলেন, পোশাকশ্রমিকদের দীর্ঘদিনের দাবি ও অধিকার সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। এ কারণেই নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
তিনি বলেন, “দাবি ছিল তাদের মজুরি বোর্ড। আজকে তাদের মজুরি বোর্ড গঠন করা হলো। তাদের দেওয়া প্রতিনিধিত্বকারী সদস্যকে নিয়েই বোর্ড গঠন করা হয়েছে। এখন আশা করি, তারা রাস্তা ছেড়ে কলকারখানায় যোগ দেবেন।”
নতুন ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান। মালিকপক্ষের প্রতিনিধি হয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে বোর্ডের নিরপেক্ষ সদস্য করা হয়েছে।
শ্রম আইন অনুযায়ী, মূল মজুরি বোর্ডের চার সদস্যের সঙ্গে তৈরি পোশাকশিল্পের মালিক ও শ্রমিকপক্ষের একজন করে প্রতিনিধি যুক্ত করে ছয় সদস্যের পৃথক বোর্ড গঠন করা হয়েছে। এ বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবিএম সামছুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
মজুরি বোর্ডের সদস্যদের দ্রুত বৈঠকে বসার আহ্বান জানিয়ে শ্রমমন্ত্রী বলেন, মালিক ও শ্রমিক প্রতিনিধিরা আলোচনার মাধ্যমে মজুরি নির্ধারণের বিষয়ে কাজ করবেন। দ্রুততম সময়ের মধ্যে এ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন বোর্ডের সদস্যদের।
মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়ার পরও মিরপুরে শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ অব্যাহত থাকায় এর পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন শ্রমমন্ত্রী।
তিনি বলেন, শ্রমিকদের রোববার পর্যন্ত কারখানায় থাকার অনুরোধ জানানো হয়েছিল এবং ওই দিনই মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেওয়ার কথা জানানো হয়েছিল। কিন্তু কয়েকটি কারখানায় অহেতুক ছুটি ঘোষণা করা হয়েছে।
মন্ত্রী আরও অভিযোগ করেন, কয়েকটি রাজনৈতিক সংগঠন অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে।