
জীবন ও জীবিকার তাগিদে দীর্ঘ ২৭ বছর পড়াশোনা থেকে দূরে ছিলেন। তবে শিক্ষার প্রতি আগ্রহ ও নিজের স্বপ্ন পূরণের প্রত্যয়ে আবারও বই হাতে তুলে নেন গাজীপুরের শ্রীপুরের আমিনুল ইসলাম। ৪৭ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.৬৩ অর্জন করেছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে এ সাফল্য পান আমিনুল। তিনি শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের তুরাব আলীর ছেলে। ১৯৯৯ সালে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করার পর দীর্ঘ সময় আর পড়াশোনা চালিয়ে যাওয়া হয়নি তার।
রোববার (১ নভেম্বর) আমিনুল ইসলাম জানান, এসএসসি পাসের পর জীবন ও জীবিকার প্রয়োজনে শিক্ষাজীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। একপর্যায়ে শিক্ষার অভাব অনুভব করে নিজেকে আরও শিক্ষিত করে গড়ে তোলার সিদ্ধান্ত নেন। সেই ইচ্ছা থেকেই ২০২৪ শিক্ষাবর্ষে গাজীপুর মহানগরীর পুবাইল এলাকার সিটি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনস্টিটিউটে ভর্তি হন।
তিনি বলেন, সারাদিনের ব্যস্ততা শেষে মানুষের সেবা করার কাজ সেরে রাতে বই নিয়ে পড়তে বসতেন। শিক্ষার কোনো বয়স নেই উল্লেখ করে আমিনুল বলেন, যারা বিভিন্ন কারণে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছেন, তারা যেন তার এই অর্জন দেখে নতুন করে পড়াশোনা শুরু করার সাহস পান।
সুযোগ পেলে স্নাতক পর্যায়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা অর্জনের ইচ্ছাও প্রকাশ করেন তিনি।
আমিনুলের সাফল্যে গর্ব প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। মাওনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, এটি শুধু আমিনুল ইসলামের ব্যক্তিগত অর্জন নয়, ইউনিয়ন পরিষদের জন্যও গর্বের বিষয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা বলেন, এই বয়সে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জন নিঃসন্দেহে প্রশংসনীয়। বর্তমান সমাজের জন্য এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত।
উল্লেখ্য, আমিনুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।