1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
শেষ মুহূর্তের গোলে পাকিস্তানের কাছে হার, সাফের ফাইনালে উঠতে পারল না বাংলাদেশ দুই মাসে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ ১৯ হাজার ৯১৯ কোটি টাকা শ্যামলীতে ফার্মেসি লক্ষ্য করে গুলি, আগের দিন ককটেল হামলা; ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ন্যাটো সদস্যপদ পেলে দনবাস থেকে সেনা সরাবে ইউক্রেন? যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে যা বললেন জেলেনস্কি ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশে মুক্তির অপেক্ষায় শাহরুখের ‘কিং’ মসজিদের বাইরে ছাদ বা কক্ষে জুমার নামাজ আদায় করা যাবে কি? কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ অন্তত ৫ আমিরাতের ফুজাইরাহতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত, আহত ৩০

শ্যামলীতে ফার্মেসি লক্ষ্য করে গুলি, আগের দিন ককটেল হামলা; ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

রাজধানীর শ্যামলীতে একটি ফার্মেসি লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টা ১ মিনিটের দিকে হৃদরোগ ইনস্টিটিউটের বিপরীতে অনুরাগ রেস্তোরাঁর পাশে অবস্থিত অনুরাগ ফার্মেসিতে এ ঘটনা ঘটে। এর আগের দিন প্রতিষ্ঠানটির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছিল। পাশাপাশি গত ৫ নভেম্বর ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির মালিক।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো পাঞ্জাবি ও হেলমেট পরা দুই যুবক পৃথকভাবে ফার্মেসির দিকে এগিয়ে যাচ্ছেন। তাঁদের দুজনেরই ডান হাত পাঞ্জাবির নিচে লুকানো ছিল। রাত ১১টা ১ মিনিট ১৯ সেকেন্ডে মূল সড়ক দিয়ে আসা এক যুবক ফার্মেসির কাচঘেরা অংশ লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়েন। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

অন্য যুবকটি ফুটপাত দিয়ে পালানোর সময় পাঞ্জাবির নিচ থেকে একটি চীনা চাপাতি বের করে পথচারীদের ভয় দেখান। পরে দুজনই সিসিটিভি ক্যামেরার আওতা থেকে বেরিয়ে যান।

প্রত্যক্ষদর্শী ছোলাবুট বিক্রেতা মো. রিপন জানান, তিনজন একটি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে এসেছিলেন। তাঁদের মধ্যে একজন মোটরসাইকেলটি চালু রেখে অপেক্ষা করছিলেন। অন্য দুজন হেঁটে গিয়ে গুলি চালিয়ে আবার মোটরসাইকেলে করে পালিয়ে যান। গুলির শব্দ শুনে আতঙ্কিত হয়ে তিনিও নিরাপদ স্থানে সরে যান।

ঘটনার পরদিন শনিবার দুপুরে অনুরাগ ফার্মেসি খোলা থাকলেও সামনের কাচের বড় একটি অংশ ভাঙা অবস্থায় দেখা যায়। কাচের ওপর গুলির চিহ্নও ছিল। এ সময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

ফার্মেসির কর্মচারীরা জানান, শুক্রবার রাতে স্বাভাবিকভাবে বেচাকেনা চলছিল। হঠাৎ গুলির মতো শব্দ শুনতে পান তাঁরা। পরে সামনের কাচ ভেঙে পড়তে দেখে ঘটনার বিষয়টি বুঝতে পারেন। এরপর ক্রেতা ও কর্মচারীরা সবাই দোকান থেকে বেরিয়ে যান। তবে আতঙ্কের কারণে কেউ নাম প্রকাশ করে বক্তব্য দিতে রাজি হননি।

ফার্মেসির ব্যবস্থাপক রাসেল তালুকদার এ ঘটনায় মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

চাঁদা দাবি ও ককটেল হামলার পর গুলি

অনুরাগ রেস্তোরাঁ ও ফার্মেসির মালিক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্টন। তিনি জানান, গত ৫ নভেম্বর একটি ফোন নম্বর থেকে তাঁকে কল করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় ফোনকারী ব্যক্তিরা ‘কিলার পাপ্পু’ ও ‘কিলার বাদল’-এর নাম ব্যবহার করেন।

তবে এ দুজনের কেউ সরাসরি তাঁকে ফোন করেননি বলে দাবি করেন রাষ্টন। তাঁর ধারণা, অন্য কেউ তাঁদের নাম ব্যবহার করে ভয়ভীতি দেখানোর চেষ্টা করতে পারে।

তিনি আরও জানান, চাঁদা দাবির পরদিন তাঁর ফার্মেসি ও রেস্তোরাঁর সামনে ককটেল হামলার ঘটনা ঘটে। এর পর শুক্রবার রাতে ফার্মেসি লক্ষ্য করে গুলি চালানো হয়।

রাষ্টন বলেন, ঘটনার রাতেই থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে রোববার মামলাটি নথিভুক্ত করা হবে।

ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন শনিবার সন্ধ্যায় জানান, গুলি চালানো ব্যক্তিদের এখনো শনাক্ত করা যায়নি। তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং মামলা রেকর্ডের প্রক্রিয়া চলছে।

আলোচনায় কিলার পাপ্পু ও কাইল্লা বাদল

চাঁদা দাবির ঘটনায় আলোচনায় আসা ‘কিলার পাপ্পু’ পুলিশের কাছে কিশোর গ্যাংয়ের মদতদাতা, অবৈধ অস্ত্রধারী, স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। গত বছর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রকাশিত কিশোর গ্যাং ও তাদের মদতদাতাদের তালিকায় তাঁর নাম ছিল।

ওই তালিকা অনুযায়ী, মোহাম্মদপুর ও রায়েরবাজার এলাকার ‘এলেক্স গ্রুপ’-এর মদতদাতা হিসেবে তাঁর নাম উল্লেখ রয়েছে। গ্রুপটিতে ১৫ থেকে ২০ জন সদস্য রয়েছে বলে তালিকায় বলা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাঁশবাড়ি সড়ক, নূরজাহান রোড, মোহাম্মদিয়া হাউজিং ও নবোদয় হাউজিং এলাকায় গ্রুপটির সদস্যদের বিরুদ্ধে মাদক কারবার, চাঁদাবাজি, ছিনতাই এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ানোর অভিযোগ রয়েছে।

অন্যদিকে, ‘কাইল্লা বাদল’ও মোহাম্মদপুর এলাকার পরিচিত চাঁদাবাজ হিসেবে পুলিশের নজরে রয়েছেন। মোহাম্মদপুরসহ রাজধানীর কয়েকটি থানায় তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর মোহাম্মদপুরে ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং ‘তারেক মেটাল’ নামের একটি দোকানে ভাঙচুরের অভিযোগে করা মামলায় চট্টগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া নিউ মার্কেট এলাকায় গুলি করে শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যার মামলারও আসামি তিনি। তবে গ্রেপ্তারের পরদিনই জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যাওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগ অস্বীকার পাপ্পুর, নিরপেক্ষ তদন্তের দাবি

চাঁদা দাবির ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন কিলার পাপ্পু। তাঁর দাবি, রাজনৈতিক অবস্থানের কারণে তাঁকে এ ঘটনায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, সামনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিপক্ষ বা পদপ্রত্যাশীদের কেউ এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আবার রাষ্টন প্রকৃতপক্ষেই ভুক্তভোগী হতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

নিজেকে বর্তমানে এসব কর্মকাণ্ড থেকে দূরে রাখার দাবি করে পাপ্পু প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এদিকে পাপ্পু ও বাদলের নাম ব্যবহার করে চাঁদা দাবির বিষয়ে সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, দুজনের অবস্থান ও সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন রয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। চাঁদাবাজিসহ সব সম্ভাব্য দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।

পুলিশের তদন্তে গুলি চালানোর ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় এবং চাঁদা দাবি, ককটেল হামলা ও গুলির ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page