
উত্তর আমেরিকা বিশ্বকাপে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে পর্তুগাল। হিউস্টনের স্টেডিয়ামে উজবেকিস্তানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে টুর্নামেন্টে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে তারা। ম্যাচে জোড়া গোল করে সমালোচনার জবাব দিয়েছেন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।
এই ম্যাচে গোল করে ইতিহাসও গড়েছেন রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়ার পাশাপাশি জাতীয় দলের হয়ে নিজের গোলসংখ্যা আরও বাড়িয়েছেন তিনি।
ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রোনালদো বলেন, “আমি খুবই আনন্দিত। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের পরিশ্রম এবং আমরা যে আত্মবিশ্বাস দেখিয়েছি সেটি। দল সত্যিই খুব ভালো খেলেছে এবং অনেক উন্নতি করেছে।”
সাম্প্রতিক সময়ের কঠিন পরিস্থিতির কথাও তুলে ধরেন পর্তুগিজ মহাতারকা। তিনি বলেন, “এটি একটি কঠিন সপ্তাহ ছিল, একটি অন্ধকার সপ্তাহ। মনে হচ্ছিল যেন আমি ইতিমধ্যেই ফুটবল থেকে অবসর নিয়ে ফেলেছি। কিন্তু আমি কখনো হাল ছাড়িনি, কারণ আমি কঠোর পরিশ্রমে বিশ্বাস করি। সময়টা কঠিন ছিল, তবে আমরা ফিরে এসেছি।”
ব্যক্তিগত অর্জনের প্রসঙ্গে রোনালদো বলেন, “রেকর্ড গড়তে সবসময়ই ভালো লাগে। তবে আমার মূল লক্ষ্য সবসময় জাতীয় দলের জয়ে অবদান রাখা।”
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টও করেন তিনি। সেখানে লিখেছেন, “আমরা ফর্মে ফিরে এসেছি। টুর্নামেন্টে টিকে আছি।”
অন্যদিকে, দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস। তিনি বলেন, “ড্রেসিংরুমে আমরা ঠিক এই প্রতিক্রিয়াটাই আশা করেছিলাম।”
মার্তিনেস আরও বলেন, “কখনো কখনো একটি দলের উন্নতির জন্য প্রথম ম্যাচের মতো কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। আজ আমরা একই মানসিকতা ও প্রতিজ্ঞাবদ্ধ একটি দলকে দেখেছি, তবে তাদের মধ্যে আগের চেয়ে অনেক বেশি পরিপক্বতা ছিল।”
দুর্দান্ত এই জয়ের মাধ্যমে পর্তুগাল শুধু সমালোচনার জবাবই দেয়নি, বিশ্বকাপের পরবর্তী পথচলার জন্যও শক্ত বার্তা দিয়েছে।