
বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘ পথচলায় ব্যাট হাতে বহুবার দলের বিপর্যয় সামাল দিয়েছেন মুশফিকুর রহিম। গড়ে দিয়েছেন স্মরণীয় অনেক জয়ের ভিত, অর্জন করেছেন অসংখ্য ব্যক্তিগত সাফল্য। এবার ২১ বছরের বেশি সময়ের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অন্যতম সফল এই ব্যাটসম্যান।
দীর্ঘ ক্যারিয়ারে ব্যাটিং ও উইকেটকিপিংয়ের পাশাপাশি অধিনায়ক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মুশফিক। গড়েছেন একের পর এক রেকর্ড। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে তার অর্জনের অনেকগুলোই এখনো অতিক্রম করতে পারেননি অন্য কোনো ক্রিকেটার।
টেস্টে সর্বোচ্চ ম্যাচ ও রান
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১০৮টি টেস্ট ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। দেশের আর কোনো ক্রিকেটার এখন পর্যন্ত ৮৫টি টেস্টও খেলতে পারেননি। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মুমিনুল হকের ম্যাচসংখ্যা ৮৪।
১০৮ টেস্টে ৩৮.৮ গড়ে মুশফিকের সংগ্রহ ৭ হাজার ৬২ রান। বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। দ্বিতীয় স্থানে থাকা মুমিনুলের সংগ্রহ ৫ হাজার ৩১২ রান।
টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪টি সেঞ্চুরির মালিক মুশফিক। এ ছাড়া তার রয়েছে তিনটি ডাবল সেঞ্চুরি, যা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ।
বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান
২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ঠিক ২০০ রান করে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন মুশফিক। পরবর্তী সময়ে ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১৯ রানের ইনিংস খেলেন তিনি।
টেস্ট ইতিহাসে ডাবল সেঞ্চুরি করা উইকেটকিপার-ব্যাটসম্যানদের মধ্যে একাধিক ডাবল সেঞ্চুরি রয়েছে শুধু মুশফিকের।
দেশে ও বিদেশে সমান ধারাবাহিকতা
ঘরের মাঠ ও দেশের বাইরে দুই জায়গাতেই ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন মুশফিক। বাংলাদেশের মাটিতে ৬২ টেস্টে ৩৯.৭৮ গড়ে করেছেন ৪ হাজার ৯৮ রান। এ সময়ে আটটি সেঞ্চুরি ও ১৯টি অর্ধশতক এসেছে তার ব্যাট থেকে।
অন্যদিকে বিদেশের মাঠে ৪৬ টেস্টে ৩৭.৫২ গড়ে তার সংগ্রহ ২ হাজার ৯৬৪ রান। সেখানে ছয়টি সেঞ্চুরি ও ১১টি অর্ধশতক করেছেন তিনি।
অধিনায়ক হিসেবেও অনন্য
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৩৪টি টেস্টে অধিনায়কত্ব করেছেন মুশফিক। তার নেতৃত্বে সাতটি ম্যাচ জিতেছে বাংলাদেশ, ড্র করেছে নয়টি। একাধিক টেস্টে নেতৃত্ব দেওয়া বাংলাদেশি অধিনায়কদের মধ্যে তার পরাজয়ের হারও সবচেয়ে কম।
তার নেতৃত্বেই ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় এবং একই বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শততম টেস্টে জয়েও অধিনায়ক ছিলেন তিনি।
১০০তম টেস্টে সেঞ্চুরি
নিজের শততম টেস্ট ম্যাচকে স্মরণীয় করে রেখেছেন মুশফিক। গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে শততম টেস্ট খেলতে নেমে ১০৬ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন তিনি। টেস্ট ইতিহাসে শততম ম্যাচে সেঞ্চুরি করা ১১তম ক্রিকেটার তিনি।
২১ বছর ১৭৭ দিনের ক্যারিয়ার
২০০৫ সালের মে মাসে টেস্ট অভিষেকের মধ্য দিয়ে শুরু হয়েছিল মুশফিকের দীর্ঘ পথচলা। ২০২৬ সালের নভেম্বরে এসে শেষ হচ্ছে ২১ বছর ১৭৭ দিনের এই ক্যারিয়ার। টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে সময়ের হিসাবে তার চেয়ে দীর্ঘ ক্যারিয়ার রয়েছে মাত্র ১৩ জন ক্রিকেটারের।
উইকেটকিপার ও অধিনায়ক হিসেবে রেকর্ড
১০৮টি টেস্টের মধ্যে ২৮টি ম্যাচে একই সঙ্গে অধিনায়কত্ব ও উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করেছেন মুশফিক। এই তালিকায় তার চেয়ে বেশি ম্যাচ খেলার কৃতিত্ব রয়েছে কেবল ভারতের মহেন্দ্র সিং ধোনির। তিনি ৬০টি টেস্টে এই দুই দায়িত্ব সামলেছেন।
মিরপুরে ব্যাটিংয়ের অনন্য রেকর্ড
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টে ২৯ ম্যাচের ৫৩ ইনিংসে ২ হাজার ১০৭ রান করেছেন মুশফিক। পাঁচটি সেঞ্চুরিও রয়েছে তার।
তিন সংস্করণ মিলিয়ে এই মাঠে তার রান ৫ হাজার ২৫২। আন্তর্জাতিক ক্রিকেটে নির্দিষ্ট একটি মাঠে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করা প্রথম ক্রিকেটার তিনি। এই তালিকার শীর্ষ পাঁচে মুশফিক ছাড়াও রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচ ও রান
বাংলাদেশের হয়ে তিন সংস্করণ মিলিয়ে সর্বোচ্চ ৪৮৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মুশফিক। তার মোট রান ১৬ হাজার ৩৫৭। দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরি ২৩টি। বাংলাদেশের হয়ে তার চেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে শুধু তামিম ইকবালের, ২৫টি।
স্টাম্পিংয়ে তৃতীয় অবস্থান
দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ১০১টি স্টাম্পিং করেছেন মুশফিক। আন্তর্জাতিক ক্রিকেটে তার চেয়ে বেশি স্টাম্পিংয়ের কৃতিত্ব রয়েছে ভারতের মহেন্দ্র সিং ধোনি (১৯৫) ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার (১৩৯)।
সাকিবের সঙ্গে ঐতিহাসিক জুটি
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ৩৫৯ রানের জুটি গড়েছেন মুশফিক ও সাকিব আল হাসান। ২০১৭ সালে নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটন টেস্টে পঞ্চম উইকেটে এই রেকর্ড গড়েন তারা।
টেস্টে মুশফিক ও সাকিব ৭০ ইনিংসে একসঙ্গে ব্যাটিং করে ২ হাজার ৮৬৩ রান যোগ করেছেন, যা বাংলাদেশের সর্বোচ্চ। তিন সংস্করণ মিলিয়ে ২০০৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত ২০১ ইনিংসে এই জুটির সংগ্রহ ৭ হাজার ১০৬ রান। বিশ্ব ক্রিকেটেও তিন সংস্করণ মিলিয়ে এটি অন্যতম সফল জুটি।
জুটির রেকর্ডেও এগিয়ে
টেস্টে লিটন দাসের সঙ্গে আটটি শতরানের জুটি গড়েছেন মুশফিক, যা বাংলাদেশের রেকর্ড। মুমিনুল হকের সঙ্গে ছয়টি এবং সাকিব আল হাসানের সঙ্গে পাঁচটি শতরানের জুটিও রয়েছে তার।
এ ছাড়া টেস্ট ক্রিকেটে ১৩ জন ভিন্ন ব্যাটসম্যানের সঙ্গে মোট ৩৬টি শতরানের জুটি গড়েছেন মুশফিক। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানের এমন কীর্তি নেই।
দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে ব্যাটিং, উইকেটকিপিং ও নেতৃত্ব—সব ক্ষেত্রেই নিজের সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন মুশফিকুর রহিম। তার অসংখ্য রেকর্ড ও ঐতিহাসিক অর্জন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।