
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একই দলে খেলেছেন বাবা ও ছেলে। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একই নিলামে নাম উঠতে পারে আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী ও তাঁর ছেলে হাসান ইসাখিলের। আইপিএল ২০২৭-এর মিনি নিলামের জন্য প্রাথমিকভাবে নাম নিবন্ধন করেছেন তাঁরা। চূড়ান্ত তালিকায় দুজনের নাম থাকলে টুর্নামেন্টটির ইতিহাসে প্রথমবার একই নিলামে দেখা যাবে বাবা-ছেলেকে।
আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় আইপিএলের এই মিনি নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে প্রাথমিক তালিকায় নাম থাকলেও চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া এখনো নিশ্চিত নয়। আগামী ৪ ডিসেম্বর ফ্র্যাঞ্চাইজিগুলোর বাছাইপ্রক্রিয়া শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৪১ বছর বয়সী মোহাম্মদ নবী নিজের ভিত্তিমূল্য নির্ধারণ করেছেন ১ কোটি রুপি। আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে এই আফগান অলরাউন্ডারের। ২০১৭ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় তাঁর। পরে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়েও। এখন পর্যন্ত আইপিএলে ২৪ ম্যাচে ২১৫ রান করার পাশাপাশি ১৫টি উইকেট নিয়েছেন তিনি।
অন্যদিকে, ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যে নাম নিবন্ধন করেছেন তাঁর ছেলে হাসান ইসাখিল। গত সেপ্টেম্বর আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে এই তরুণ ক্রিকেটারের। আইপিএলের মতো বড় আসরে দল পাওয়ার সুযোগ তৈরি হলেও আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতার স্বল্পতা তাঁর জন্য চ্যালেঞ্জ হতে পারে।
এর আগে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নেমে আলোচনায় এসেছিলেন নবী ও হাসান। চলতি বছরের জানুয়ারিতে বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে একই একাদশে খেলেন বাবা-ছেলে। ১১ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে বাবার হাত থেকেই অভিষেক ক্যাপ নেন হাসান। এরপর ব্যাট হাতে ৬০ বলে ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।
সেই ম্যাচে চতুর্থ উইকেটে ৩০ বলে ৫৩ রানের জুটি গড়েন নবী ও হাসান। নবী করেন ১৩ বলে ১৭ রান। বিপিএলে একসঙ্গে খেলার অভিজ্ঞতার পর এবার আইপিএলেও একই আসরে জায়গা করে নেওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁরা।
তবে এবারের নিলামে প্রতিযোগিতা হবে বেশ কঠিন। মিনি নিলামের জন্য নিবন্ধন করেছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে বিদেশি ক্রিকেটার ২৮১ জন। ১০টি ফ্র্যাঞ্চাইজি ১৮৪ জন খেলোয়াড় ধরে রাখায় নিলাম থেকে নতুন করে দল পাওয়ার সুযোগ রয়েছে মাত্র ৬৬ জনের। এর মধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য খালি রয়েছে মাত্র ২৫টি জায়গা।
এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নিলামে নবীর অভিজ্ঞতা তাঁকে বাড়তি সুবিধা দিতে পারে। তবে তরুণ হাসানের জন্য চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া এবং শেষ পর্যন্ত দল পাওয়া—দুটিই হবে বড় পরীক্ষা।