
লজ্জাশীলতা মানুষের অন্যতম মহৎ চারিত্রিক গুণ। ইসলামে লজ্জাকে ঈমানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে। লজ্জাবোধ মানুষকে অন্যায়, অশ্লীলতা ও পাপাচার থেকে দূরে রাখে এবং উত্তম চরিত্র গঠনে সহায়তা করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘লজ্জা ঈমানের অঙ্গ।’ (সহিহ মুসলিম : ৫১)।
আরবি ‘হায়া’ শব্দের অর্থ লজ্জা, সংকোচ বা ইতস্তত বোধ করা। সহজভাবে বলতে গেলে, যে মানবীয় অনুভূতি মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে এবং অন্যায়ের কারণে সম্মানহানির আশঙ্কা সৃষ্টি করে, সেটিই লজ্জাবোধ।
ইসলামি দৃষ্টিতে লজ্জা মূলত দুই প্রকার। যথা—
১. প্রকৃতিগত বা স্বভাবগত লজ্জা: মহান আল্লাহ মানুষের স্বভাবের মধ্যেই যে লজ্জাবোধ সৃষ্টি করে দিয়েছেন, তা প্রকৃতিগত লজ্জা। যেমন—উলঙ্গ হতে কিংবা জনসম্মুখে অশোভন আচরণ করতে লজ্জাবোধ করা।
২. অর্জিত লজ্জা: আল্লাহর প্রতি ঈমান, দ্বীনি জ্ঞান এবং ইসলামের আদব-আখলাক ও শিষ্টাচার সম্পর্কে জানার মাধ্যমে মানুষের মধ্যে যে লজ্জাবোধ তৈরি হয়, তাকে অর্জিত লজ্জা বলে। এ ধরনের লজ্জা মানুষকে অন্যায়, অশ্লীলতা ও পাপাচার থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ঈমানের সঙ্গে লজ্জার সম্পর্ক
মানবজীবনে লজ্জাশীলতার গুরুত্ব অপরিসীম। ঈমানের সঙ্গে এ গুণের রয়েছে গভীর সম্পর্ক। লজ্জাবোধ মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলতে উৎসাহিত করে এবং অন্যায় থেকে দূরে রাখে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রতিটি দ্বীনেরই একটি বিশেষ চরিত্র রয়েছে, আর ইসলামের বিশেষ চরিত্র হলো লজ্জাশীলতা।’ (সুনানে ইবনে মাজাহ : ৪১৮১)।
যে ব্যক্তির মধ্যে আল্লাহর প্রতি ভয় ও আত্মসম্মানবোধ থেকে লজ্জাশীলতা তৈরি হয়, সে সাধারণত পাপ ও অন্যায় থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘লজ্জা শুধু কল্যাণই বয়ে আনে।’ (সহিহ বুখারি : ৬১১৭)।
অন্যদিকে লজ্জাহীনতা মানুষের চরিত্র ও নৈতিকতার অবক্ষয় ঘটায়। লজ্জাবোধ কমে গেলে মানুষ অন্যায় ও অশ্লীল কাজ করতে দ্বিধা করে না। ধীরে ধীরে সে পাপাচারে জড়িয়ে পড়ে। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন তোমার লজ্জা থাকবে না, তখন যা ইচ্ছা তাই করো।’ (সহিহ বুখারি : ৬১২০)।
লজ্জাহীনতা থেকে বিরত থাকার নির্দেশ
লজ্জাশীলতা মানুষকে পরিশুদ্ধ করে এবং অন্যায় থেকে দূরে থাকতে সাহায্য করে। পক্ষান্তরে লজ্জাহীনতা মানুষকে অশ্লীলতা ও অনৈতিক কর্মকাণ্ডের দিকে ঠেলে দেয়। অথচ ইসলাম প্রকাশ্য ও গোপন সব ধরনের অশ্লীলতাকে নিষিদ্ধ করেছে।
পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘বলুন, নিশ্চয়ই আমার রব অশ্লীলতা হারাম করেছেন, তা প্রকাশ্যে হোক কিংবা গোপনে।’ (সুরা আল-আরাফ : ৩৩)।
অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচার, সদাচরণ ও আত্মীয়স্বজনকে দান করার নির্দেশ দেন এবং অশ্লীলতা, অসৎকাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদের উপদেশ দেন, যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো।’ (সুরা আন-নাহল : ৯০)।
রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, ‘লজ্জা ঈমানের অঙ্গ, আর ঈমানদারদের স্থান জান্নাত। অন্যদিকে নির্লজ্জতা দুশ্চরিত্রের অঙ্গ, আর দুশ্চরিত্রের স্থান জাহান্নাম।’ (জামে তিরমিজি : ২০০৯)।
এ ছাড়া তিনি বলেছেন, ‘লজ্জা ও স্বল্পভাষিতা ঈমানের দুটি শাখা। আর অশ্লীলতা ও অনর্থক বাক্যব্যয় মুনাফিকির দুটি শাখা।’ (জামে তিরমিজি : ২০২৭)।
সুতরাং লজ্জাশীলতা কেবল সামাজিক শিষ্টাচার নয়, বরং একজন মুমিনের ঈমান ও চরিত্রের গুরুত্বপূর্ণ পরিচয়। ব্যক্তিগত জীবন, পারিবারিক পরিবেশ ও সামাজিক আচরণে লজ্জাশীলতার চর্চা মানুষকে পাপ থেকে দূরে রেখে নৈতিক ও আদর্শ জীবন গঠনে সহায়তা করে।