
মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি গ্রামের স্কুল ও মঠ প্রাঙ্গণে সেনাবাহিনীর বিমান হামলায় শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থীও রয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় এক প্রত্যক্ষদর্শী এবং বিরোধী জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ৩টার দিকে সিনবাউংওয়ে টাউনশিপের একটি স্কুল ও মঠ প্রাঙ্গণে এ হামলা চালানো হয়। হামলার সময় সেখানে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল।
এনইউজি এবং বিরোধী শক্তির সঙ্গে জোটবদ্ধ স্থানীয় প্রশাসন অন্তর্বর্তীকালীন মাগওয়ে ফেডারেল ইউনিট সরকারের এক যৌথ বিবৃতিতে বলা হয়, হামলায় আকাশ থেকে নিক্ষেপযোগ্য ৫০০ পাউন্ড ওজনের চারটি বোমা, ১২টি কামানের গোলা এবং সাতটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে।
এনইউজির মুখপাত্র নে ফোন লাট এবং স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা গেছে, বিমান ও গোলন্দাজ হামলায় নারী ও শিশুসহ ২০ জনের বেশি বেসামরিক নাগরিক এবং নয়জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ওই প্রত্যক্ষদর্শী জানান, হামলার সময় এলাকায় কোনো ধরনের সংঘর্ষ চলছিল না। বিদ্রোহী যোদ্ধারা কেবল মাঝেমধ্যে গ্রামের ভেতর দিয়ে যাতায়াত করতেন।
তবে টেলিগ্রামের সামরিকপন্থি কয়েকটি চ্যানেলের দাবি, বিদ্রোহী বাহিনীর একটি সমাবর্তন অনুষ্ঠান ও সমাবেশকে লক্ষ্য করেই বিমান হামলা চালানো হয়েছিল।
এদিকে, শনিবার (২৮ নভেম্বর) বিকেল পর্যন্ত এ হামলার বিষয়ে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে মন্তব্য জানতে বার্তা সংস্থা রয়টার্স যোগাযোগ করলেও সামরিক-সমর্থিত মিয়ানমার সরকার তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।