
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাস তানুরা এলাকায় রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরোহী ১৪ জনের সবাই নিহত হয়েছেন।
রোববার (২৮ জুন) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এসপিএর প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে যে, রোববার রাস তানুরা এলাকায় সৌদি আরামকোর একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। এতে হেলিকপ্টারটিতে থাকা ১৪ আরোহীর সবাই নিহত হন।
দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ বা নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সৌদি কর্তৃপক্ষ নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।