
প্রায় দুই মাসের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে লেবাননে সফরের অনুমতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে দেশটির নাগরিকরা আবারও লেবাননে ভ্রমণ করতে পারবেন।
মঙ্গলবার (৩০ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, লেবাননে ভ্রমণের আগে সব আমিরাতি নাগরিককে বাধ্যতামূলকভাবে ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিবন্ধন করতে হবে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদেশে তাদের অবস্থান পর্যবেক্ষণের সুবিধার্থেই এই শর্ত আরোপ করেছে কর্তৃপক্ষ।
এর আগে গত ৩০ এপ্রিল মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির কারণে ইরান, লেবানন ও ইরাকে নাগরিকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ইউএই সরকার। একই সঙ্গে ওই তিন দেশে অবস্থানরত আমিরাতি নাগরিকদের দ্রুত দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল।
সর্বশেষ সিদ্ধান্তে লেবাননের ক্ষেত্রে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও ইরান ও ইরাকের জন্য আগের সতর্কতা বহাল রাখা হয়েছে। ফলে এই দুই দেশে আমিরাতি নাগরিকদের ভ্রমণে এখনো নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।