ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা করাই বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর রমনার অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রতিষ্ঠার ৪২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার আগেই সরকার রাষ্ট্রের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করেছে। এসব সংকট মোকাবিলায় পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে এবং ধাপে ধাপে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে নাগরিকদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা ও সক্ষমতাকে কাজে লাগানো প্রয়োজন। উদ্যোক্তা সৃষ্টি এবং বেসরকারি খাতের বিকাশ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রতিষ্ঠার ৪২ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এতে প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।