1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষঃ
জেলেনস্কি যুদ্ধ থামাতে চান না, অভিযোগ ট্রাম্পের ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেফতার সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩, আহত প্রায় ২০০ লক্ষীপুর জেলায় চলতি মৌসুমে ৭১০ কোটি টাকার সুপারি উৎপাদন পূ্বধলায় শিশুর সঙ্গে পাশবিকতা,মাদ্রাসা পরিচালক দুলাল গ্রেপ্তার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন স্বৈরাচার ফেরার পথ খুললে দেশের জন্য ভালো হবে না: প্রধানমন্ত্রী নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শনে আজদু মিয়া, শারদীয় শুভেচ্ছা

তিন মাস পর হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে ট্রাম্প, প্রশংসা-সমালোচনা-রসিকতায় জমল বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

তিন মাস আগে বন্দুক হামলার কারণে স্থগিত হওয়া হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের (ডব্লিউএইচসিএ) বার্ষিক নৈশভোজে আবারও অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৪ জুলাই) রাতে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রায় এক ঘণ্টার বক্তব্যে তিনি সাংবাদিকদের প্রশংসা করার পাশাপাশি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন পরিচিত ব্যক্তিকে নিয়ে কটাক্ষ ও রসিকতা করেন।

বক্তৃতার শুরুতে ট্রাম্প বলেন, এপ্রিলে তিনি আরও কঠোর বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। তবে তিন মাস আগে হওয়া বন্দুক হামলার পর সেই ভাষণের সবচেয়ে আক্রমণাত্মক অংশ বাদ দিয়েছেন।

তিনি বলেন, “আমি তিন মাস আগেও বলেছিলাম, এই অনুষ্ঠান থেমে থাকতে পারে না।” এরপর এপ্রিলে তার ওপর হওয়া হামলার প্রসঙ্গ তুললেও দ্রুতই বক্তব্যে হাস্যরস ও ব্যঙ্গের সুর যোগ করেন।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে তিনি বিভিন্ন সংবাদমাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা, মামলা এবং প্রশাসনিক পদক্ষেপ নিয়েছেন। অনুষ্ঠানে এমন অনেক সাংবাদিকও উপস্থিত ছিলেন, যাদের তিনি অতীতে সমালোচনা করেছেন বা বিভিন্ন অনুষ্ঠানে প্রবেশে বাধা দিয়েছিলেন।

বক্তৃতায় ট্রাম্প অভিনেত্রী জেন ফন্ডা, সংগীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, টেলিভিশন উপস্থাপক জিমি ফ্যালন ও জিমি কিমেল, কংগ্রেস সদস্য ইলহান ওমর, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টিসহ বিভিন্ন জনপরিচিত ব্যক্তিকে নিয়ে মন্তব্য করেন। নিজের ভাষণ লেখকদের নিয়েও তিনি রসিকতা করেন। তার কিছু মন্তব্যকে ঘিরে বর্ণবাদী ইঙ্গিতের অভিযোগও উঠেছে।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন না। তবুও বিষয়টি নিয়ে রসিকতা করে ট্রাম্প বলেন, “আমার প্রেসিডেন্সির মতোই দ্বিতীয়বার সবসময় ভালো হয়। আর তৃতীয়বার হলে আরও ভালো হবে।”

পরে অবশ্য তিনি বলেন, “আমি শুধু মজা করছি।” তবে বক্তব্যের শেষ দিকে ‘ট্রাম্প ২০২৮’ লেখা একটি লাল ক্যাপ পরে উপস্থিত হয়ে আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিতপূর্ণ রসিকতা করেন, যা উপস্থিতদের মধ্যে হাসির সৃষ্টি করে।

অনুষ্ঠানে সাংবাদিকতা পুরস্কারের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, অধিকাংশ পুরস্কারই তার ও তার প্রশাসনের সমালোচনামূলক প্রতিবেদনের জন্য দেওয়া হয়েছে। তিনি রসিকতা করে প্রশ্ন করেন, “এই পুরস্কারগুলোতে কি আমার কোনো মতামত দেওয়ার সুযোগ আছে?”

তবে বক্তব্যের শেষ দিকে সাংবাদিকদের প্রতি তুলনামূলক নরম সুরে তিনি বলেন, “আপনাদের পেশার প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে।” এরপর নিজের জনপ্রিয়তার প্রসঙ্গ টেনে যোগ করেন, “আমি না থাকলে আপনারা সবাই দেউলিয়া হয়ে যাবেন।”

অনুষ্ঠানের অভিজ্ঞতা নিয়ে শেষ মন্তব্যে ট্রাম্প বলেন, “আমি জানতাম না কী আশা করব। তবে এটা আমার ধারণার চেয়েও অনেক খারাপ ছিল।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page