
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) সকাল ৬টার দিকে পাকুন্দিয়া পৌরসদরের বরাটিয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি উপজেলার বাহাদিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে মো. সেলিম মিয়া (৩৫)। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ভোরে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের একটি বাস বরাটিয়া চৌরাস্তা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি সাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী সেলিম মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ সময় অটোরিকশার চালক, অপর এক যাত্রী ও একজন সাইকেল আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত তিনজনকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতপরিচয় এক আহত ব্যক্তি মারা যান।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বায়োজিদ মাহমুদ বলেন, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়। আহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জে পাঠানো হয়।
আহতদের মধ্যে রয়েছেন বরাটিয়া গ্রামের সিরাজুল হকের ছেলে রেনু মিয়া এবং পাকুন্দিয়া এলাকার রইছ উদ্দিনের ছেলে ছোটন মিয়া।
প্রত্যক্ষদর্শীদের দাবি, অনন্যা পরিবহনের চালক সম্ভবত ঘুমন্ত অবস্থায় বাস চালাচ্ছিলেন। তবে এ অভিযোগের সত্যতা পুলিশ তদন্ত করে দেখছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।