
ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া ভাষণে তরুণদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার (১৫ আগস্ট) নয়াদিল্লির লালকেল্লা থেকে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। সম্প্রতি দেশজুড়ে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের আন্দোলন ও অসন্তোষের মধ্যে তরুণদের উদ্দেশে এই বার্তা দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সরকারি কলেজে ভর্তি এবং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিংয়ের খরচ মধ্যবিত্ত পরিবারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি করে। এ কারণে ভারতের উন্নত ডিজিটাল অবকাঠামো ও দক্ষ শিক্ষকদের কাজে লাগিয়ে অনলাইন ক্লাস চালু করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজ বাড়িতে বসেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবেন।
শিক্ষাক্ষেত্রে একের পর এক প্রশ্নপত্র ফাঁস ও নিয়োগে অনিয়মের অভিযোগে দেশজুড়ে বিক্ষোভের মধ্যে তরুণদের অসন্তোষ প্রশমনে বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছে ভারত সরকার। এরই ধারাবাহিকতায় বিনামূল্যে কোচিংয়ের পাশাপাশি দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরির ঘোষণা দিলেন মোদি।
কোচিং সুবিধার পাশাপাশি আগামী এক বছরে ভারতের ১ কোটি (১০ মিলিয়ন) তরুণকে উদীয়মান প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ভবিষ্যতের কর্মসংস্থানে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।
এক ঘণ্টার বেশি সময়ের ভাষণে আগামী ২০ বছরের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে রূপান্তরের অঙ্গীকার করেন মোদি। এ লক্ষ্য অর্জনে সেমিকন্ডাক্টর শিল্প, উৎপাদন খাত এবং পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
এ ছাড়া ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে নতুন পাঁচটি পারমাণবিক চুল্লি স্থাপনসহ সাত দফা সংস্কার পরিকল্পনার কথা তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী।