
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ কেউ দেশকে অস্থিতিশীল করতে নানা গুজব ছড়ানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষকে উসকে দেওয়ার চেষ্টা করছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিসরে সংখ্যালঘু বা সংখ্যাগুরু পরিচয় মুখ্য নয়। সমাজে সৌহার্দ্য বজায় রাখা সবার দায়িত্ব।
অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, সরকার সব নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বিশ্বাস করে। একই সঙ্গে সব নাগরিকের অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ জন সেবায়েত ও পুরোহিতের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।