1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

ইসি’র নতুন আচরণবিধি

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে প্রচারের ধরন ও পরিধিতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন আচরণবিধি অনুযায়ী, নির্বাচনী প্রচারে মিছিল ও পোস্টার নিষিদ্ধ করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট প্রচারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এ ছাড়া সরকারি সুবিধা ব্যবহার, মাইক ও বিলবোর্ড ব্যবহারের সময় ও আকার, নির্বাচনী ক্যাম্প স্থাপন এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রচারে অংশগ্রহণের ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ রাখা হয়েছে।

ইসি জানিয়েছে, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। এ কারণে ২০১৬ সালের বিধিমালা বাতিল করে নতুন আচরণবিধি প্রণয়ন করা হচ্ছে। ইতোমধ্যে সিটি করপোরেশন নির্বাচনের আচরণবিধি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। অন্য নির্বাচনগুলোর বিধিমালা প্রক্রিয়াধীন রয়েছে।

মিছিল-পোস্টার নিষিদ্ধ

নতুন বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থী বা তাঁর পক্ষে কেউ নির্বাচনী এলাকায় পোস্টার ব্যবহার করতে পারবেন না। ভবন, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুতের খুঁটি, সরকারি স্থাপনা, সেতু, কালভার্ট, মেট্রোরেল পিলার ও ফ্লাইওভারসহ বিভিন্ন স্থানে প্রচারসামগ্রী লাগানোও নিষিদ্ধ।

এ ছাড়া তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের ফল গেজেট প্রকাশ পর্যন্ত কোনো প্রকাশ্য মিছিল করা যাবে না।

এআই দিয়ে বিভ্রান্তিকর প্রচার নিষিদ্ধ

সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত কুৎসা, অপমানজনক বক্তব্য, মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য এবং বিদ্বেষপূর্ণ কনটেন্ট প্রচার করা যাবে না। এআই ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর কনটেন্টও নিষিদ্ধ করা হয়েছে।

জাতি, ধর্ম, গোষ্ঠী, বর্ণ, লিঙ্গ বা সামাজিক পরিচয়ের ভিত্তিতে উসকানিমূলক বক্তব্য প্রচারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে।

মাইক ব্যবহারে সময়সীমা

নির্বাচনী প্রচারে মাইক বা শব্দবর্ধনকারী যন্ত্র দুপুর ১২টার আগে এবং সূর্যাস্তের পর ব্যবহার করা যাবে না। শব্দের মাত্রা সর্বোচ্চ ৬০ ডেসিবেলের মধ্যে রাখতে হবে। একটি ওয়ার্ডে একটির বেশি মাইক ব্যবহার করা যাবে না।

সরকারি সুবিধা ব্যবহার নিষিদ্ধ

অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সরকারি বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। প্রার্থীর পক্ষে সরকারি যানবাহন, প্রচারযন্ত্র বা অন্য কোনো সরকারি সুবিধা ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।

বিলবোর্ডের আকার নির্ধারণ

প্রতি ওয়ার্ডে একজন প্রার্থী সর্বোচ্চ একটি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন। এর সর্বোচ্চ আকার নির্ধারণ করা হয়েছে ১৬ ফুট বাই ৮ ফুট। জনসাধারণ ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়—এমনভাবে বিলবোর্ড স্থাপন করা যাবে না।

হেলিকপ্টার ও যানবাহনে প্রচারে নিষেধাজ্ঞা

নির্বাচনী প্রচারে হেলিকপ্টার বা অন্য কোনো আকাশযান ব্যবহার করা যাবে না। ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান বা ট্রেন ব্যবহার করে মিছিল ও শোভাযাত্রাও নিষিদ্ধ করা হয়েছে। ভোটের দিন ভোটার আনা-নেওয়ার জন্য যানবাহন ভাড়া বা ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের সুযোগ

নতুন বিধিমালায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের সুযোগ রাখা হয়েছে। তবে প্রচার শুরুর আগে কোন মাধ্যমে প্রচার চালানো হবে, সে বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে তথ্য দিতে হবে।

এ ছাড়া নির্ধারিত নির্বাচনী ব্যয়সীমা অতিক্রম, পেশিশক্তির ব্যবহার, ধর্মের অপব্যবহার, কুৎসা রটানো এবং স্কুল-কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচার নিষিদ্ধ করা হয়েছে।

আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে। কোনো প্রার্থী বা তাঁর নির্বাচনী এজেন্ট আচরণবিধি লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন বলে প্রমাণিত হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা ইসিকে দেওয়া হয়েছে।

আচরণবিধি লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

নভেম্বরের শেষার্ধে স্থানীয় নির্বাচন

নির্বাচন কমিশন আগামী নভেম্বরের শেষার্ধ থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায়। প্রাথমিকভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ভোট শুরু হতে পারে বলে জানা গেছে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আগে দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ায় আচরণবিধি এক ধরনের ছিল। এখন নির্বাচন নির্দলীয়ভাবে হওয়ায় নতুন করে আচরণবিধি প্রণয়ন করা হচ্ছে। ভোটের সময় যেন কোনো অসুবিধা না হয়, সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page