
দুর্গাপূজাকে কেন্দ্র করে বাংলাদেশের পদ্মার ইলিশের চাহিদা প্রতিবছরই বেড়ে যায় ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায়। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে তাই ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন ভারতের মাছ আমদানিকারকরা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে ইলিশ রপ্তানির সুযোগ পুনরায় চালুর আবেদন জানিয়েছে কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’। খবর এএনআইয়ের।
চিঠিতে সংগঠনটি জানায়, ১৯৯৬ সাল থেকে বেনাপোল ও আখাউড়া স্থল শুল্ক স্টেশনের মাধ্যমে বাংলাদেশ থেকে নিয়মিত ইলিশ আমদানি করে আসছেন তারা। তবে ২০১২ সালের জুলাইয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করার পর থেকেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন আমদানিকারকরা।
চিঠিতে আরও বলা হয়, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে মাত্র এক মাসের জন্য বিশেষভাবে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হচ্ছে। তবে এই সীমিত সময়ের ব্যবস্থা ব্যবসায়িকভাবে প্রত্যাশিত ফলাফল দিতে পারছে না।
দুই বাংলার অভিন্ন সংস্কৃতি, ভাষা ও রন্ধন ঐতিহ্যের কথা তুলে ধরে আমদানিকারকরা বলেন, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার মানুষের কাছে পদ্মার ইলিশ অত্যন্ত জনপ্রিয়।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইলিশ রপ্তানির ওপর থেকে স্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে তারা বলেন, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের কাছে বাংলাদেশ সরকারের এমন সিদ্ধান্ত অত্যন্ত প্রশংসিত হবে।