
ইয়েমেনের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসরমান হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে আপাতত কোনো ব্যবস্থা না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুথিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে তাদের অভিযানে হস্তক্ষেপ না করার অনুরোধ জানিয়েছে বলেও দাবি করেছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম দ্য নিউ আরব-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুথিদের বিষয়ে ট্রাম্প বলেন, হুথিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা কোনো লড়াইয়ে জড়াতে চায় না। একই সঙ্গে তাদের বিরুদ্ধে যেন যুক্তরাষ্ট্র কোনো ব্যবস্থা না নেয়, সে অনুরোধও জানিয়েছে।
হুথিদের দক্ষিণমুখী অভিযানের মধ্যেই সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর হরমুজ প্রণালী এড়িয়ে লোহিত সাগর দিয়ে তেল পরিবহনের সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিকল্প এই পথটি সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
ট্রাম্প দাবি করেছেন, সৌদি আরবের তেল পাইপলাইনে হামলার পেছনে ইরানের সম্পৃক্ততা থাকতে পারে।
তবে সৌদি আরবের একটি সূত্রের দাবি, পাইপলাইনে হামলাটি ইরাক থেকে চালানো হয়েছে। ঘটনার পর ইরাকের পক্ষ থেকে এক সামরিক কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে এবং হামলার তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।
এদিকে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সীমান্তসংলগ্ন একটি প্রদেশে ড্রোন উৎক্ষেপণের সরঞ্জামও পাওয়া গেছে।
অন্যদিকে, মোখা দখলের লক্ষ্যে গত সপ্তাহে অভিযান শুরু করে হুথিরা। শুক্রবার হুথি যোদ্ধারা সেখানে পৌঁছালে শহরটিতে অবস্থানরত সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর সদস্যরা সরে যান।