
আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আল জাজিরা।
জানা গেছে, বিমানটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কিকউইত থেকে রাজধানী কিনশাসার উদ্দেশে উড্ডয়ন করেছিল। পথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে কোয়াঙ্গো প্রদেশের কেঙ্গেতে জরুরি অবতরণের চেষ্টা করে বিমানটি।
কোয়াঙ্গো প্রদেশের উপগভর্নর রেমি সাকি বোকিন্ডা জানান, কেঙ্গেতে কোনো রানওয়ে না থাকায় বিমানটি একটি আবাসিক এলাকায় গিয়ে বিধ্বস্ত হয়।
কঙ্গোর সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেনগে ১৪ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানে থাকা সবাই নিহত হয়েছেন। তাদের মধ্যে ১২ জনের মরদেহ আগুনে এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা সম্ভব হয়নি। পাইলটের মরদেহ বিমানটির বাইরে পাওয়া গেছে।
সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন বেসামরিক নাগরিকও ছিলেন। এ ছাড়া দুই জেনারেলের সঙ্গে থাকা সরকারি প্রতিনিধি দলের সদস্য এবং সামরিক বাহিনীর আরও কয়েকজন সদস্য নিহত হয়েছেন।
উপগভর্নর রেমি সাকি বোকিন্ডাও জানিয়েছেন, নিহতদের অধিকাংশের মরদেহ পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।