
বাংলাদেশ পুলিশে ‘সাইবার পুলিশ ইউনিট’ নামে একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের নীতিগত অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রাথমিকভাবে পুলিশের বিদ্যমান জনবল ও সরঞ্জাম ব্যবহার করে একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) নেতৃত্বে ইউনিটটির কার্যক্রম শুরু হবে। পরে এর পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ২১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ স্বাক্ষরিত চিঠিতে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোয় বিশেষায়িত ও স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠনের নীতিগত অনুমোদনের কথা উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, পুলিশের বর্তমান জনবল ও সরঞ্জাম ব্যবহার করে একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে সাইবার পুলিশ ইউনিটের কার্যক্রম শুরুর অনুমোদন দেওয়া হয়েছে।
তবে ইউনিটটির পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো, নতুন পদের সংখ্যা, যানবাহন ও অন্যান্য প্রয়োজনীয় লজিস্টিকস এখনো চূড়ান্ত হয়নি। এসব বিষয় নির্ধারণের জন্য প্রয়োজনীয় পদ সৃষ্টি এবং যানবাহন টিওঅ্যান্ডইভুক্তকরণসহ পূর্ণাঙ্গ প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠি পাওয়ার পর তিন কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর কথা বলা হয়েছে।