
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছে উভয়পক্ষ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে নিউইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
বৈঠকে দুই দেশের উচ্চপর্যায়ের সফর, প্রতিরক্ষা সহযোগিতা, নবায়নযোগ্য ও সবুজ জ্বালানি এবং বাংলাদেশে তুরস্কের কোম্পানিগুলোর বিনিয়োগের সুযোগসহ দ্বিপক্ষীয় অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ সময় তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠেয় কপ-৩১ সম্মেলন নিয়েও আলোচনা করেন দুই মন্ত্রী। সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টিও বৈঠকে উঠে আসে।
এ ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ২০২৭ সালের শুরুতে বাংলাদেশে অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনে তুরস্ককে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।
বৈঠক শেষে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর ও কার্যকর করার বিষয়ে একমত হন দুই দেশের প্রতিনিধিরা।