
দেশে বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিকতা সেপ্টেম্বরেও অব্যাহত রয়েছে। সদ্য সমাপ্ত সেপ্টেম্বরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৭৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার কোটি টাকা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ মাসিক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে দেশে ২৭৬ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই মাসে এসেছিল ২৬৮ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে সেপ্টেম্বরে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৩ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮৬ কোটি ডলার। আগস্টে আসে ২৯৬ কোটি ৬৬ লাখ ডলার। ফলে জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে মোট রেমিট্যান্স এসেছে ৮৫৯ কোটি ১০ লাখ ডলার।
গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৩ শতাংশ।
রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বাড়লে দেশে ডলারের সরবরাহ বৃদ্ধি পায়, যা আমদানি ব্যয় পরিশোধ ও বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে।
সংশ্লিষ্টরা বলছেন, হুন্ডি প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ, প্রবাসীদের জন্য প্রণোদনা এবং ব্যাংকিং সেবা সহজ হওয়ার কারণে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বাড়ছে। এর ফলে সাম্প্রতিক সময়ে প্রবাসী আয়ের প্রবাহে ধারাবাহিকতা দেখা যাচ্ছে।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরে দেশে রেকর্ড ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছিল। আগের ২০২৪-২৫ অর্থবছরে এর পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছিল ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ।