ফের মাতৃত্ব নিয়ে গুঞ্জনে আলোচনায় অভিনেত্রী শবনম বুবলী। এর আগে যেমন তাঁকে ঘিরে ছিল বিচ্ছেদের খবর, তেমনি এবার প্রশ্ন উঠেছে—বিচ্ছেদ হয়ে থাকলে নতুন করে মাতৃত্বের গুঞ্জন কেন?
পুরো বিষয়টি নিয়ে কিছুটা ধোঁয়াশা বজায় রাখলেও সম্প্রতি মাছরাঙার জনপ্রিয় পডকাস্টে এ নিয়ে কথা বলেছেন বুবলী। সেখানে সঞ্চালক রুম্মান রশীদ খান-এর বিভিন্ন প্রশ্নের জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।
পডকাস্টে বুবলীকে প্রশ্ন করা হয়, কবে তিনি বিয়ে করতে যাচ্ছেন। জবাবে তিনি জানান, তাঁর এবং শাকিব খান-এর এখনও আনুষ্ঠানিক কোনো বিচ্ছেদ হয়নি। ফলে নতুন করে বিয়ের প্রশ্নই ওঠে না।
বুবলী বলেন, “শুরুতেই বলে নিচ্ছি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না।”
নিজের বৈবাহিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও বলেন, “ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড, সেপারেটেড কিংবা বিধবা। এখানে ‘অতীত’ বলে কোনো অপশন থাকে না।”
তাঁর এই বক্তব্য থেকে স্পষ্ট—সম্পর্কে জটিলতা বা দূরত্ব থাকলেও তাঁদের আইনি বিচ্ছেদ হয়নি। শাকিবের সঙ্গে বর্তমান সম্পর্ক প্রসঙ্গে বুবলী বলেন, অভিমান বা ভুল বোঝাবুঝি হতেই পারে, তবে সময়ের সঙ্গে অনেক কিছু ঠিকও হয়ে যায়। তিনি যোগ করেন, “আমাদের কখনও ডিভোর্স হয়নি। বিষয়টি নিয়ে অনেকে দ্বিধায় থাকেন, তাই পরিষ্কার করলাম।”
এই পডকাস্টে দাম্পত্য প্রসঙ্গ ছাড়াও নিজের প্রথম প্রেম ও মিডিয়াপাড়ার বিভিন্ন গুঞ্জন নিয়েও খোলামেলা কথা বলেছেন শবনম বুবলী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়