রোজার ঈদ উপলক্ষে নির্মাতা তপু খান নির্মাণ করেছেন নতুন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটির চিত্রনাট্য লিখেছেন টিউন তেহরিন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
এক দম্পতির সন্তান নেওয়াকে ঘিরে গল্প এগিয়েছে এই নাটকে। দম্পতির চরিত্রে অভিনয় করেছেন জোভান ও কেয়া পায়েল। তাদের ঘিরে রয়েছে জোভানের বাবা-মা এবং পায়েলের মা, বোন ও দুলাভাইয়ের চরিত্র। গত সপ্তাহেই নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। ঈদ উপলক্ষে এটি ইউটিউবে প্রকাশ করা হবে।
নাটকটি প্রসঙ্গে জোভান বলেন, নাটকে তিনি ও পায়েল স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন এবং তাদের সন্তান নেওয়াকে ঘিরেই মূল গল্প। তিনি জানান, নানা রকম হাস্যরসের মাধ্যমে বাস্তবতার একটি চিত্র তুলে ধরা হয়েছে নাটকটিতে।
কেয়া পায়েল বলেন, ঈদের নাটক হিসেবে ‘হ্যাপি ডিভোর্স’ দর্শকদের জন্য উপভোগ্য হবে। গল্পের ভাবনাটি তার কাছে ব্যতিক্রম মনে হয়েছে এবং সিনিয়র শিল্পীদের সঙ্গে কাজ করাটা ছিল দারুণ অভিজ্ঞতা।
অভিনেত্রী রোজী সিদ্দিকী জানান, পরিচালক তপু খান বেশ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন এবং সবাই আন্তরিকভাবে কাজ করেছেন। অন্যদিকে সমাপ্তি মাসুক বলেন, অনেক শিল্পীর সমন্বয়ে এখন নাটক নির্মাণ কম হলেও এই নাটকটি সেই দিক থেকে ব্যতিক্রম।
তাহমিনা সুলতানা মৌ বলেন, দীর্ঘদিন পর সবার সঙ্গে একসঙ্গে কাজ করে তার খুব ভালো লেগেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়