জ্বালানি তেল পাচারের অভিযোগে পারস্য উপসাগরীয় জলসীমা থেকে দুটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ সময় ১৫ জন বিদেশি নাবিককে আটক করা হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ইরানের উপকূলীয় এলাকায় সন্দেহভাজন ট্যাঙ্কার দুটিতে তল্লাশি চালানো হয় বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে। তল্লাশিতে দেখা যায়, ট্যাঙ্কার দুটি অবৈধভাবে ১০ লাখ লিটারের বেশি জ্বালানি তেল পাচার করছিল। পরে জাহাজ দুটি আইআরজিসির হেফাজতে নেওয়া হয়।
তবে জব্দকৃত ট্যাঙ্কারগুলো কোন দেশের পতাকাবাহী এবং আটক নাবিকদের নাগরিকত্ব কী— সে বিষয়ে ইরানের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। আইআরজিসি জানিয়েছে, আটক ১৫ নাবিককে ইতোমধ্যে বিচারের জন্য ইরানি বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই অভিযান এমন এক সময়ে চালানো হলো, যখন ইরান অভ্যন্তরীণ অস্থিরতা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম কূটনৈতিক উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এসব বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপে প্রায় পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে।
এদিকে, পরমাণু চুক্তি ইস্যুতে ওয়াশিংটনের কড়া সতর্কতার পর অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র নৌবহর মোতায়েন করেছে। এমন উত্তেজনাপূর্ণ ভূ-রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই ইরানের এই ট্যাঙ্কার জব্দের ঘটনা ঘটল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়