বাংলাদেশ ও জাপান দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন মাইলফলক হিসেবে টোকিওতে ‘অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি’ (ইপিএ) স্বাক্ষর করেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হোরি ইওয়াও নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন।
এটি বাংলাদেশের প্রথম কোনো দেশের সঙ্গে ইপিএ চুক্তি। পণ্য ও সেবা বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে ঢাকা ও টোকিওতে সাত দফা আলোচনার ফল এই চুক্তি।
চুক্তির আওতায় তৈরি পোশাকসহ ৭,৩৭৯টি বাংলাদেশি পণ্য জাপানের বাজারে শতভাগ শুল্কমুক্ত সুবিধা পাবে। বিপরীতে, বাংলাদেশ পর্যায়ক্রমে ১,০৩৯টি জাপানি পণ্যে শুল্কমুক্ত বা অগ্রাধিকার সুবিধা দেবে। পোশাক খাতে ‘সিঙ্গেল স্টেজ ট্রান্সফরমেশন’ সুবিধা যুক্ত হওয়ায় কাঁচামালসংক্রান্ত জটিলতা ছাড়াই জাপানে রপ্তানি সহজ হবে।
এছাড়া আইটি, ইঞ্জিনিয়ারিং, শিক্ষা, কেয়ারগিভিং ও নার্সিংসহ ১৬টি বিভাগে ১২০টি সেবা খাতে বাংলাদেশি দক্ষ পেশাজীবীদের কাজের সুযোগ তৈরি হবে। অন্যদিকে, বাংলাদেশ জাপানের জন্য ১২টি বিভাগের ৯৮টি উপখাত উন্মুক্ত করতে সম্মত হয়েছে।
এই চুক্তির ফলে উৎপাদন, অবকাঠামো, জ্বালানি ও লজিস্টিকস খাতে জাপানি বিনিয়োগ বাড়বে, প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে পণ্যের মান উন্নত হবে এবং এসএমই বিকাশসহ অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: বাসস
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়