দীর্ঘদিনের জল্পনা–গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের বিয়ের খবর নিশ্চিত করেছেন দক্ষিণি সিনেমার আলোচিত জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা।
রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ বার্তায় তাঁরা জানান, জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। এতদিন সম্পর্ক নিয়ে প্রকাশ্যে নীরব থাকলেও এবার আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দিয়ে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালেন এই তারকা জুটি।
ভক্তদের দেওয়া জনপ্রিয় নাম ‘বিরোশ’—দুজনের নাম মিলিয়ে তৈরি এই সম্বোধনকেই বিয়ের পরিচয় হিসেবে বেছে নিয়েছেন তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় লিখেছেন,
“আমরা কিছু পরিকল্পনা করার আগেই তোমরা আমাদের সঙ্গে ছিলে। অনেক ভালোবাসা দিয়ে আমাদের নাম দিয়েছিলে—বিরোশ।”
জীবনের গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ভক্তদের দেওয়া নাম গ্রহণ করায় তাঁদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন দুই তারকা।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের একটি প্রাসাদে অনুষ্ঠিত হবে মূল বিয়ের আনুষ্ঠানিকতা। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিয়ের বিভিন্ন আচার-অনুষ্ঠান।
দুই পরিবারের নিজস্ব রীতিনীতি মেনে আলাদা আয়োজনের পরিকল্পনাও রয়েছে। পুরো অনুষ্ঠানটি রাখা হচ্ছে কঠোর গোপনীয়তায়। নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অতিথির তালিকাও সীমিত রাখা হয়েছে। বিয়ের ভেন্যুতে মুঠোফোন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এমনকি যাঁরা ছবি বা ভিডিও ধারণ করবেন, তাঁদেরও গোপনীয়তা চুক্তি (নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট) সই করতে হয়েছে।
বিয়ের অনুষ্ঠান হবে একান্ত ব্যক্তিগত পরিসরে। তবে আগামী ৪ মার্চ হায়দরাবাদে বন্ধু ও চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীদের জন্য বড় সংবর্ধনার আয়োজন করা হতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
২০১৮ সালে মুক্তি পাওয়া গীতা গোবিন্দাম ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেন রাশমিকা ও বিজয়। রোমান্টিক এই ছবিতে তাঁদের রসায়ন দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করে।
এরপর ডিয়ার কমরেড ছবিতেও আবার জুটি বাঁধেন তাঁরা। দুই ছবির পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়।
বিদেশ ভ্রমণ, পারিবারিক অনুষ্ঠানে উপস্থিতি এবং একই সময়ে একই জায়গায় ছুটি কাটানোর নানা ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বরাবরই নীরব ছিলেন এই দুই তারকা।
অবশেষে নিজেদের মুখেই বিয়ের ঘোষণা আসায় বহুদিনের সেই অনিশ্চয়তার অবসান ঘটেছে। পর্দায় শুরু হওয়া একটি জনপ্রিয় জুটির গল্প এবার বাস্তব জীবনেও আনুষ্ঠানিক রূপ নিতে যাচ্ছে।
ভক্তদের অপেক্ষা এখন একটাই—কবে প্রকাশ পাবে তাঁদের বিয়ের প্রথম আনুষ্ঠানিক ছবি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়