
তিন বছর পর পুনরায় চালু হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আজ রোববার (১২ জুলাই) প্রকাশ করা হবে। দুপুর ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন।
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইন, এসএমএস এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা।
যেকোনো মোবাইল অপারেটর (টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংক) থেকে মোবাইলের মেসেজ অপশনে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফলাফল জানিয়ে দেওয়া হবে।
উদাহরণ: DPE 123456 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
বিস্তারিত ফলাফল ও মার্কশিট দেখতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের IPEMIS ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশন নির্বাচন করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে ‘সাবমিট’ বা ‘ফল দেখুন’ বাটনে ক্লিক করলে ফলাফল দেখা যাবে।
এর আগে গত ৯ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই ঢাকা বিভাগের নয়টি জেলার ফলাফল ওয়েব পোর্টালে আপলোড হয়ে যায়। সেখান থেকে সাধারণ ব্যবহারকারীরা ফল সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনার পর সংশ্লিষ্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারকে সাময়িক বরখাস্ত করা হয় এবং পরে নতুন তারিখ নির্ধারণ করে আজ ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিন বছর বন্ধ থাকার পর ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার প্রাথমিক বৃত্তি পরীক্ষা পুনরায় চালু করে। গত ১৪ থেকে ১৮ এপ্রিল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) ও সাধারণ বৃত্তি—এই দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টপুলে নির্বাচিতরা এককালীন ২২৫ টাকা এবং মাসিক ৩০০ টাকা পাবেন। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা এককালীন ২২৫ টাকা ও মাসিক ২২৫ টাকা করে বৃত্তি পাবেন।