
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশে অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৩ জুলাই) ঢাকায় কাতার দূতাবাসে শোকবইয়ে স্বাক্ষর করার পর তিনি এ তথ্য জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতারের আমির, রাজপরিবার এবং দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সমবেদনা জানাতে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দোহা সফর করবে।
সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী হিসেবে স্থানীয় সরকারমন্ত্রী গুলশানে অবস্থিত কাতার দূতাবাসে খোলা শোকবইয়ে স্বাক্ষর করেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে কাতার সরকার, রাজপরিবার এবং দেশটির জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ কাতারের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ, আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে।
কাতারের আমিরের দপ্তর রোববার এক বিবৃতিতে শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুর খবর জানায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
শেখ হামাদ ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে দেশটি দ্রুত অর্থনৈতিক অগ্রগতি অর্জন করে এবং বিশ্বের অন্যতম বৃহৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক দেশে পরিণত হয়।
তার শাসনামলেই ১৯৯৬ সালে আল জাজিরা সংবাদমাধ্যমের যাত্রা শুরু হয়। এছাড়া কাতারের প্রথম স্থায়ী সংবিধান প্রণয়ন, স্থানীয় সরকার নির্বাচন চালু এবং নারীদের ভোটাধিকার ও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ সংস্কারও তার সময়েই বাস্তবায়িত হয়।
২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করে বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে দায়িত্ব অর্পণ করেন।