
বরগুনায় নবম শ্রেণির এক স্কুলছাত্রী ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। তাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তার বাবা। মামলাটি আমলে নিয়ে নিখোঁজ ছাত্রীকে উদ্ধার এবং এ বিষয়ে অনুসন্ধান প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১২ অক্টোবর) বরগুনার শিশু নির্যাতন ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ছাত্রীকে উদ্ধারের পাশাপাশি ঘটনার অনুসন্ধান করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মামলার আসামিরা হলেন বরগুনা সদর উপজেলার আজিজাবাদ গ্রামের নয়ন (২১), তার মামা শুকুর (৩৫) ও নানা পনু খাঁ (৫০)।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ সেপ্টেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে নয়ন ওই ছাত্রীকে চাকু দেখিয়ে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যান।
ছাত্রীর বাবার দাবি, গত ৯ অক্টোবর অজ্ঞাত একটি মুঠোফোন নম্বর থেকে তাঁর স্ত্রীর কাছে ফোন আসে। ওই ফোনে তাঁর মেয়ে আটকে রাখা হয়েছে এবং তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করা হচ্ছে বলে জানানো হয়।
এ ঘটনায় ছাত্রীর বাবা আদালতে মামলা করেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। নয়নের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধার এবং ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনে আদালতের নির্দেশে অনুসন্ধান চলছে।