
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হতে পারে। এ লক্ষ্যে পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।
সোমবার (১২ অক্টোবর) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি জানান, আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। এ সময়ের মধ্যে সম্ভাব্য একটি তারিখ নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
তবে ফল প্রকাশের চূড়ান্ত তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত তথ্য জানানো হবে বলে জানান তিনি।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়।