1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

ব্যাটারদের ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে ৩২ রানে হার, টি-টোয়েন্টি সিরিজে পিছিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

জিম্বাবুয়ে সফরে ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা কাটাতে পারেনি বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি সিরিজও শুরু হলো পরাজয় দিয়ে। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ৩২ রানে হেরেছে টাইগাররা।

বুধবার (১৫ জুলাই) বুলাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ১৯ ওভারে ১৩৮ রানেই অলআউট হয়। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জিম্বাবুয়ে।

১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান ১২, তানজিদ হাসান ১৬ এবং পারভেজ হোসেন ইমন ৫ রান করে ফিরলে পাওয়ার প্লেতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

এরপর তাওহীদ হৃদয় ১৪ ও নুরুল হাসান সোহান ৩ রান করে আউট হলে ম্যাচ থেকে আরও ছিটকে যায় বাংলাদেশ।

তবে তিন বছর পর জাতীয় দলে ফেরা ইয়াসির আলি রাব্বি একপ্রান্ত আগলে রেখে প্রতিরোধ গড়েন। ৩৩ বলে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি অর্ধশতক পূর্ণ করে শেষ পর্যন্ত ৩৮ বলে ৫৪ রান করেন তিনি। শেখ মেহেদী হাসানের সঙ্গে ৫২ রানের জুটি গড়ে কিছুটা আশা জাগালেও শেষ দিকে সেই সম্ভাবনা শেষ হয়ে যায়।

জিম্বাবুয়ের বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভা এক ওভারে ইয়াসির আলি ও মোহাম্মদ সাইফ উদ্দিনকে ফিরিয়ে বাংলাদেশের প্রতিরোধ ভেঙে দেন।

এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে জিম্বাবুয়ে। প্রথম তিন ওভারেই ৩৬ রান তুলে উড়ন্ত সূচনা করে স্বাগতিকরা।

পরে নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশ। এই তরুণ পেসার ২৬ রানে ৪ উইকেট শিকার করে জিম্বাবুয়েকে চাপে ফেলেন। তবে শেষ ওভারে ১৮ রান খরচ হওয়ায় স্বাগতিকদের সংগ্রহ পৌঁছে যায় ১৭০ রানে।

জিম্বাবুয়ের হয়ে ব্রায়ান বেনেট ৪৪, রায়ান বার্ল অপরাজিত ৩০ এবং ব্র্যাড ইভান্স ১০ বলে অপরাজিত ১৯ রান করেন।

বাংলাদেশের হয়ে নাহিদ রানা ৪ উইকেট নেন। এছাড়া মোহাম্মদ সাইফ উদ্দিন শিকার করেন ২ উইকেট।

এই পরাজয়ের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page