
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছে সরকার।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের সুবিধার অর্থ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ২ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে দেশের ৭০ হাজারের বেশি শিক্ষককে অবসর সুবিধা ও কল্যাণ ভাতা দেওয়া হচ্ছে। এ কারণে আজকের দিনটি জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।
তিনি বলেন, সারা দেশে ৭০ হাজার ১৯ জন শিক্ষককে অবসর ভাতা এবং ৫৩ হাজার শিক্ষককে কল্যাণ ভাতা দেওয়া হচ্ছে।
এহছানুল হক মিলন বলেন, ১৮০ দিনের হানিমুন পিরিয়ডে শিক্ষা মন্ত্রণালয় থেকে আরও কয়েকটি কাজ করার পরিকল্পনা থাকলেও তা করা সম্ভব হয়নি। তবে শিক্ষকদের অবসর ও কল্যাণ সুবিধা প্রদানের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ অগ্রগতি।
তিনি বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের পাওনা অবসর ও কল্যাণ ভাতা পরিশোধের মাধ্যমে সরকার তাদের পাশে দাঁড়িয়েছে। আজকের দিনটি শিক্ষকদের জন্যও একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।