
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২৪ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত বিশেষ বুলেটিনে এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র। পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে বৃষ্টিপাত হলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। গত রাতের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, সকাল ৬টায় ঢাকার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। ফলে তাপমাত্রা তুলনামূলক কম থাকলেও ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে মাত্র ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে। আগামীকাল বৃহস্পতিবার (২৫ জুন) সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।